হোমনায় আলু সংরক্ষণ নিয়ে বিপাকে কৃষক
কুমিল্লার হোমনা উপজেলায় এবার আলুর বাম্পার ফলন হয়েছে। পুরো উপজেলায় উৎপাদিত হয়েছে প্রায় সাড়ে ১০ হাজার মেট্রিক টন। তবে এখানে কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) হিমাগারে প্রায় দেড় হাজার মেট্রিক টন বীজ আলু সংরক্ষণের ব্যবস্থা আছে। ফলে সাধারণ কৃষক আলু সংরক্ষণ নিয়ে বিপাকে পড়েছেন।
হোমনা উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ মৌসুমে হোমনায় প্রায় ১ হাজার একর জমিতে আলুর আবাদ হয়। এর মধ্যে বিএডিসির উপজেলা কার্যালয়ের অধীনে চাষ হয়েছে ২৭৪ একর জমিতে। প্রতি একর জমিতে সাড়ে ১০ মেট্রিক টন হিসাবে আলুর উৎপাদন হয়েছে সাড়ে ১০ হাজার মেট্রিক টন। এ উপজেলায় বীজ আলু সংরক্ষণের জন্য বিএডিসির ১ হাজার ৪৬১ মেট্রিক টন আলুবীজ ধারণক্ষমতার হিমাগার রয়েছে। ফলে বিএডিসির অধীনে চাষ করা সব আলু ওই হিমাগারে সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না। আর সাধারণ কৃষকদের আলু সংরক্ষণের কোনো সুযোগই নেই। গত মৌসুমের তুলনায় এবার আলুর ফলন ও উৎপাদন বেড়েছে। গত বছর উপজেলায় ৯৫০ একর জমিতে আলুর আবাদ হয়। প্রতি একর জমিতে সাড়ে ৮ মেট্রিক টন হিসাবে উৎপাদিত হয় ৮ হাজার ১১৬ মেট্রিক টন আলু।
গত বুধবার উপজেলার দড়িচর গ্রামে গিয়ে দেখা যায়, খেত থেকে আলু তোলার পর বাড়ির উঠানে বাছাই করছেন শ্রমিকেরা। এ গ্রামের কৃষক লাল মিয়া বলেন, ‘এ বছর ৪০ বিঘা জমিতে আলু চাষ করেছি। বাম্পার ফলনও হয়েছে। জমিতে যে পরিমাণ আলু উৎপাদিত হয়েছে, তাতে অন্তত ৮০ শতাংশ আলুই বীজের উপযোগী। তবে আমার কাছ থেকে অর্ধেক পরিমাণ আলু বিএডিসির হিমাগারে সংরক্ষণ করা হবে। বাকি আলু কোথায় সংরক্ষণ করব, তা নিয়ে চিন্তায় আছি।’
চুনারচর গ্রামের আনোয়ার হোসেন বলেন, ‘এ বছরই প্রথম আলু চাষ করেছি। ৪০ বিঘা জমিতে আলুর বাম্পার ফলন হয়েছে। উৎপাদিত আলুর অর্ধেকও হিমাগার কর্তৃপক্ষ নেবে না। সেগুলো বীজ আলু হলেও কম দামে খোলাবাজারে বিক্রি করতে হবে। এতে কোনোরকমে উৎপাদন খরচ উঠবে।’
হোমনা বিএডিসির উপপরিচালক মো. আবু তালেব মিয়া বলেন, এখানকার হিমাগারে আলু দেওয়ার পর কৃষকের কাছে যে আলু থাকবে, তা যথেষ্ট মানসম্পন্ন বীজ। কৃষকদের পার্শ্ববর্তী দাউদকান্দি উপজেলায় বেশ কয়েকটি ব্যক্তিমালিকানাধীন হিমাগারে আলু সংরক্ষণের পরামর্শ দেওয়া হচ্ছে। তবে সেখানে খরচ একটু বেশি হতে পারে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. জুলফিকার আলী বলেন, এ উপজেলার কৃষকেরা আলু চাষে বেশ উৎসাহী হয়ে উঠেছেন। আলুচাষির সংখ্যা বাড়ছে। কর্মকর্তাদের পরামর্শে আলুর বাম্পার ফলন হয়েছে। কৃষকেরা যাতে ক্ষতির সম্মুখীন না হন, সে জন্য সংশ্লিষ্টদের নজর দিতে হবে।