হোমনায় চাঁদাবাজির প্রতিবাদে অটোরিকশা চালকদের ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার হোমনা উপজেলায় রাস্তায় চাঁদাবাজির প্রতিবাদে চারটি সড়কে পাঁচ ঘণ্টা ধর্মঘট পালন করেন সিএনজিচালিত অটোরিকশা চালকেরা। গতকাল বুধবার ভোর ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলে এ ধর্মঘট। এতে ভোগান্তির শিকার হয় যাত্রীরা।
স্থানীয় অটোচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার দুই সহস্রাধিক সিএনজিচালিত অটোরিকশার চালক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি এলাকা থেকে গ্যাস নিতে যান। এতে ১৮ কিলোমিটার সড়কের বিভিন্ন অংশে ৯০ টাকা চাঁদা দিতে হয় প্রতিদিন।
অটোচালক জাহাঙ্গীর মিয়া, সেলিম মিয়া, মো. শাহিন অভিযোগ করে বলেন, ‘প্রতিদিন অটোরিকশার গ্যাস নিতে হোমনায় ১০, বাতাকান্দি বাজারে ৫, চালানশাপুর বাজারে ৫, গৌরীপুর বাজারে ৩৫, হোমনা পৌরসভায় ১৫ এবং পাম্পের কাছে মহাসড়কে ১০ টাকা করে চাঁদা দিতে হয়। অটোরিকশার ভাড়া কমানোর কারণে আমরা ধর্মঘট করিনি। রাস্তার চাঁদাবাজির কারণে আটোরিকশা চলানো বন্ধ রেখে ধর্মঘট পালন করেছি। বেলা ১১টার দিকে থানা থেকে একজন স্যার এসে আমাদেরকে বলেছে ধর্মঘট তুলে ইউএনও স্যারের সঙ্গে কথা বলতে, এই জন্য আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি।’
কাশিপুরের হোসেন মিয়া বলেন, ‘সকালে বাড়ি থেকে হোমনা যাব বলে রাস্তায় এসে দেখি কোনো সিএনজি অটোরিকশা নেই। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে রিকশা করে হোমনায় আসতে হয়েছে। এতে এক ঘণ্টা বেশি সময় ব্যয় হয়েছে।
হোমনা থানার উপপরিদর্শক (এসআই) ইমরুল সাজ্জাদ বলেন, ‘চারটি সড়কে সিএনজি অটোরিকশার ধর্মঘটের কথা শুনে হোমনা চৌরাস্তায় গিয়ে চালকদের সঙ্গে কথা বলেছি। ওরা বলেছে ভাড়া কমিয়ে দেওয়ার কারণে ওদের পোষায় না, সে জন্য ধর্মঘট করছে। পরে যাত্রীদের ভোগান্তির কথা ভেবে চালকদের অনুরোধ করি ধর্মঘট তুলে নিয়ে ইউএনও স্যারের সঙ্গে কথা বলতে।’
হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শহিদুল ইসলাম বলেন, কয়েকটি সড়কে অটোচালকেরা ধর্মঘট করেছেন বলে তিনি জানতে পেরেছেন। কিন্তু কী কারণে তাঁরা ধর্মঘট করলেন, তা তাঁকে কেউ জানায়নি।