হোমনায় ভূমি কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার
কুমিল্লার হোমনা উপজেলার চান্দের চর ইউনিয়নের রামকৃষ্ণপুর ভূমি কার্যালয়ের কর্মচারী জামান মিয়ার (৩০) গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার তিন দিন পর গতকাল মঙ্গলবার ভোরে উপজেলা সদরের পল্লী বিদ্যুৎ কার্যালয় সড়কের দুবাইপ্রবাসী আবদুল আউয়ালের বাড়ির চারতলার তালাবদ্ধ একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।জামান মিয়া মুরাদনগর উপজেলার হিরাকান্দি গ্রামের মঙ্গল মিয়ার ছেলে। তিনি এক সন্তানের জনক। এ ঘটনায় জামানের পূর্বপরিচিত এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।হোমনা থানার সূত্রে জানা গেছে, ১১ মে সকাল থেকে জামান মিয়া নিখোঁজ ছিলেন। খোঁজাখুঁজির পরও তাঁকে না পেয়ে স্ত্রী শাহীনুর আক্তার ১২ মে হোমনা থানায় সাধারণ ডায়েরি করেন। এরপর জামানের পূর্বপরিচিত ওই নারীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাঁর কাছে জামানের ব্যাপারে তথ্য মেলে। এই নারী ওই বাড়ির মালিকের আত্মীয়।