হোমনায় সড়ক দুর্ঘটনায় বিএনপির প্রার্থীসহ আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার হোমনা উপজেলায় সড়ক দুর্ঘটনায় বিএনপির এক চেয়ারম্যান পদপ্রার্থীসহ সাতজন আহত হয়েছেন। গত বুধবার রাতে হোমনা উপজেলা শহরের ব্র্যাক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন দুলালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বিএনপির প্রার্থী জামাল উদ্দিন সরকার (৫২), একই গ্রামের মো. ডালিম (৪৫), দড়িচর গ্রামের মো. সাইজুদ্দিন (১৮), সাগর মিয়া (১৮), মো. নাজিমউদ্দিন (৩০), মো. ইউছুফ (৩২) ও খোদেদাদপুর গ্রামের মো. আলাউদ্দিন (৩৫)। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় গত বুধবার রাতেই ঢাকার পঙ্গু হাসপাতালে (জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন কেন্দ্র) ভর্তি করা হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার পুলিশ ও আহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বুধবার রাত সাড়ে আটটার দিকে দুলালপুর ইউপির বিএনপির প্রার্থী জামাল উদ্দিন সরকার ঢাকা থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। হোমনা-গৌরীপুর সড়কের হোমনা উপজেলার ব্র্যাক কার্যালয়ের সামনে পৌঁছালে তাঁকে বহনকারী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জামাল উদ্দিনসহ সাতজন আহত হন। স্থানীয় লোকজন প্রথমে তাঁদের উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।
হোমনা থানার ওসি আবুল ফয়সল বলেন, গত বুধবার রাতে ঘটনাস্থল থেকে ওই দুটি অটোরিকশা জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।