হোমনায় হিন্দুদের ৩০টি বাড়িঘর ভাঙচুর লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ব্লগে কথিত কটূক্তি প্রকাশের গুজব রটিয়ে কুমিল্লার হোমনায় হিন্দু সম্প্রদায়ের ৩০টি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ১৩ জনকে গ্রেপ্তার করেছে।
গত রোববার দুপুরে এ ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে দুই দফায় নগদ ছয় হাজার টাকা, ২০ কেজি চাল ও দুই বান্ডিল টিন দেয়। এলাকাবাসী, প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার চান্দেরচর ইউনিয়নের বাক সিতারামপুর গ্রামের হিন্দু সম্প্রদায়ের দুই ব্যক্তি মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করে ব্লগে কিছু একটা লিখেছেন—এমন কথা রটিয়ে দেয় একই গ্রামের কয়েকজন মুসলমান। এতে করে এলাকায় উত্তেজনা দেখা দেয়। রোববার বেলা আড়াইটার দিকে ওই এলাকার মুসলমানরা দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও দা নিয়ে দাসবাড়িতে হামলা চালায়। তারা দাসবাড়ির ৪৫টি চৌচালা ঘরের মধ্যে ৩০টি ঘর ভাঙচুর ও লুটপাট করে।
ক্ষতিগ্রস্তরা হলেন বাক সিতারামপুর গ্রামের ভুট্ট নীল দাস, চানমন দাস, পলাদ দাস, নিহার দাস, রামপদ দাস, দুর্গা দাস, বনমালী দাস, সদেব দাস, তপদ দাস, পপন দাস, গোপাল দাস, শ্যামল দাস, অহিল দাস, অমর চান দাস, অজিত দাস, নিরাঞ্জন দাস, রিঞ্জত দাস, রামপদ দাস, শ্রীনাথ চন্দ্র দাস, বিরেন্দ্র চন্দ্র দাস, পানু দাস, ঠাকুর দাস, সোহাল দাস, বিশাম্পর দাস, শেপাল দাস, মন্টু দাস, হরে রাম দাস, পরিমল দাস, হরিকমল দাস ও গোসাই দাস।
খবর পেয়ে প্রশাসনের লোকজন অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারকে খোরাকি বাবদ এক হাজার টাকা করে দেন। গতকাল সোমবার ভোরে কুমিল্লা জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। ওই সময়ে তিনি ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে নগদ পাঁচ হাজার টাকা, ২০ কেজি চাল ও দুই বান্ডিল করে টিন দেন। নাম প্রকাশে অনিচ্ছুক ক্ষতিগ্রস্ত একাধিক ব্যক্তি বলেন, ‘হামলাকারীদের ভয়ে আমরা বাড়ি থেকে পালিয়ে যাই। যে কারণে শরীরের ওপর কোনো আঘাত হয়নি। কিন্তু মনের মধ্যে আঘাত রয়ে গেছে। গরিব মানুষ আমরা, ব্লগ-টগ জানি না। তবুও বাড়িঘর ভাঙচুর করা হয়।’
চান্দেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল বাশার গতকাল বিকেলে বলেন, এখন পরিস্থিতি শান্ত। প্রশাসন তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
কুমিল্লা জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইও) কামাল উদ্দিন বলেন, ওই এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযান চলছে। বাড়িঘর ভাঙচুরের অভিযোগে এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ব্লগে লেখার কারণে গ্রেপ্তার করা হয়েছে দুই হিন্দু যুবককে। এ ঘটনায় দুটি মামলা হয়েছে।
জানতে চাইলে কুমিল্লা জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রশাসন সহায়তা দিচ্ছে। শিক্ষার্থীদের বই, খাতা ও কলম দেওয়া হচ্ছে। ব্লগে লেখার অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।’