হোমনায় ১২ সড়কে অটোর ভাড়া পুনর্নির্ধারণ
কুমিল্লার হোমনা উপজেলার অভ্যন্তরীণ ১২টি সড়কে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে। এই ভাড়া কার্যকর করতে প্রশাসন গতকাল সিএনজি মালিক সমিতির কাছে চিঠি পাঠিয়েছে।
এর আগে গত রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কক্ষে সিএনজিচালিত অটোরিকশার ভাড়ার বিষয় নিয়ে সভা হয়। সভায় হোমনা উপজেলার ১২টি সড়কের ভাড়া পুনর্নির্ধারণ করা হয়। এর মধ্যে হোমনা থেকে গৌরিপুর, বাঞ্ছারামপুর, চান্দেরচর, রামকৃষ্ণপুর ও মেঘনায় জনপ্রতি ৪০ টাকা; ঘরিয়ারচর ৩০ টাকা, কাশিপুর ২৫ টাকা, আসাদপুর ও শ্রীপুর ২০ টাকা, কালমিনা ও ঘাড়মোরা ১৫ টাকা নির্ধারণ করা হয়। এ সময় হোমনা সিএনজি মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম বলেন, গাড়ির গ্যাস নিতে গৌরিপুর পর্যন্ত পথে পথে দৈনিক ১৩৫ টাকা চাঁদা দিতে হয়। এই চাঁদাবাজি বন্ধ করতে হবে।
ইউএনও কাজী শহিদুল ইসলাম বলেন, সিএনজিচালিত অটোরিকশার পুনর্নির্ধারণ করা ভাড়া কার্যকর করতে উপজেলার চারটি মালিক সমিতিকে আজ (গতকাল মঙ্গলবার) চিঠি দেওয়া হয়েছে।