কুমিল্লার হোমনা উপজেলায় জায়গা কেনার ২৯ বছর পরও নির্মিত হয়নি শিশুসদন। নাম নিয়ে জটিলতায় এটি নির্মিত হয়নি বলে সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে। এটি নির্মিত না হওয়ায় এলাকার এতিম শিশুরা সরকারি সেবা পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
হোমনা উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৮৮ সালে হোমনা পৌরসভাসংলগ্ন এলাকায় একটি শিশু পরিবার নির্মাণ করতে সমাজসেবা কার্যালয় থেকে ১ একর ৯৭ শতক জমি কেনা হয়। তখন এটি হোমনা শিশুসদনের নামে কেনা হয়। ওই বছরই হোমনা শিশুসদনের নামে সমাজসেবা কার্যালয় থেকে ৯ লাখ টাকার অনুদান দেওয়া হয় এবং ওই টাকা অগ্রণী ব্যাংকের স্থানীয় শাখায় স্থায়ী আমানত হিসেবে রাখা হয়। পরের বছর ১৯৮৯ সালের ২৪ ফেব্রুয়ারি তৎকালীন ফার্স্ট লেডি বেগম রওশন এরশাদ হোমনা উপজেলা সফরকালে হোমনা শিশুসদনের নাম পরিবর্তন করে রওশন এরশাদ শিশুসদন করে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ১৯৯০ সালে রওশন এরশাদ শিশুসদনের নামে ২৬ লাখ টাকার অনুদান দেয় সমাজসেবা অধিদপ্তর। ওই টাকা অগ্রণী ব্যাংকের হোমনা শাখায় পৃথক একটি হিসাবে স্থায়ী আমানত হিসেবে রাখা হয়।
হোমনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম বলেন, ১৯৮৮ সালে রওশন এরশাদ নিজের নামে শিশুসদনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কিন্তু পরে এরশাদ সরকারের পতন হলে শিশুসদন আর নির্মিত হয়নি। এ সদনটি নির্মিত হলে হোমনা, তিতাস, মেঘনা, মুরাদনগর ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার এতিম শিশুরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হতো।
হোমনা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবদুল জব্বার বলেন, হোমনা শিশুসদনের নামে জায়গা কেনা এবং ৯ লাখ টাকা ব্যাংকে জমা রয়েছে। কিন্তু রওশন এরশাদ শিশুসদন নামেও ২৬ লাখ টাকা ও ভিত্তিপ্রস্তর স্থাপন করার পৃথক কাগজপত্র রয়েছে। মনে হচ্ছে দ্বৈত নাম হওয়ায় সে সময় শিশুসদনটি নির্মিত হয়নি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে বিষয়টি জানানো হবে। সরকারি শিশুসদনে সাধারণত এতিম শিশুদের প্রতিপালন, শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে সামাজিকভাবে পুনর্বাসন করা হয়। এরা প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত শিশুসদনে থাকে।
সরেজমিনে দেখা গেছে, হোমনা পৌর ভবনের প্রায় ১০০ মিটার পূর্ব দিকে শিশুসদনের জায়গা রয়েছে। ওই জায়গায় সবজি চাষ করছেন এলাকার কয়েকজন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শহিদুল ইসলাম বলেন, ‘শিশুসদনের নামে জায়গা ও টাকা রয়েছে— এমনটি আমার জানা নাই। এ বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখব।’
কুমিল্লা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হাসিনা মোরশেদ বলেন, ‘আমি কুমিল্লায় নতুন এসেছি। শিশুসদন নির্মাণে ২৯ বছর ধরে কোনো পদক্ষেপ কেন নেওয়া হয়নি, তার কোনো কারণ আমার জানা নাই। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।’