হোলি আর্টিজান হামলা, ১০ এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ

ঢাকার গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার মামলায় আগামী ১০ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির প্রতিবেদন দাখিল না করায় এ আদেশ দেওয়া হয়। আদেশটি দেন ঢাকার মহানগর হাকিম নূর নাহার ইয়াসমিন।
এ মামলায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁরা হলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম, নব্য জেএমবির সদস্য মিজানুর রহমান ওরফে বড় মিজান, জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, রাকিবুল হাসান ওরফে রিগ্যান ও সোহেল মাহফুজ।
২০১৬ সালের ১ জুলাই পাঁচ জঙ্গি গুলশান-২-এর ৭৯ নম্বর সড়কে হোলি আর্টিজান বেকারিতে হামলা চালায়। এ হামলায় নিহত হন দেশি-বিদেশিসহ ২০ নাগরিক। জঙ্গিদের হামলায় নিহত হন পুলিশের দুজন কর্মকর্তা। পরদিন সকালে সেনা নেতৃত্বে অভিযানের মধ্য দিয়ে জঙ্গিদের ১২ ঘণ্টার জিম্মি-সংকটের অবসান হয়। ওই অভিযানে পাঁচ জঙ্গিসহ ছয়জন নিহত হন।