হোলি আর্টিজানে শ্রদ্ধা

সকাল থেকেই থমথমে গুলশানের ৭৯ নম্বর সড়ক। শুরু হয়েছে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন।

আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে হোলি আর্টিজানের ভেতরে গিয়েছেন জাপানের রাষ্ট্রদূত। সেখানে শ্রদ্ধা নিবেদনের কিছুক্ষণ পর তিনি চলে যান।

৭৯ নম্বর সড়কে যাওয়ার তিনটি পথেই ব্যারিকেড বসানো হয়েছে। পুলিশের গাড়ি ও সীমিত কয়েকটি গাড়ি ছাড়া আর কোনো গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না। সড়কের মোড়ে গণমাধ্যমকর্মীরা রয়েছেন। তবে তাঁদের ভেতরে যেতে দেওয়া হয়নি।

গুলশানের কূটনৈতিক এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালনরত পুলিশের উপকমিশনার (ডিসি) মো. জসীমউদ্দিন বলেন, জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে জাইকার প্রতিনিধিরাও ছিলেন। ইতালির রাষ্ট্রদূতেরও আসার কথা। তাঁদের দলের সঙ্গে নিহত একজনের স্বজন থাকার কথা রয়েছে।

গুলশান থানা আওয়ামী লীগ, স্থানীয় আওয়ামী লীগ, শ্রমিক লীগের নেতা-কর্মীরাও ৭৯ নম্বর সড়কে এসেছেন।