হোলি আর্টিজানের মামলায় হাসনাত করিমকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত থেকে বের হচ্ছেন হাসনাত করিম। ঢাকা, ৮ আগস্ট। ছবি: সাইফুল ইসলাম
আদালত থেকে বের হচ্ছেন হাসনাত করিম। ঢাকা, ৮ আগস্ট। ছবি: সাইফুল ইসলাম

হোলি আর্টিজানের ঘটনায় করা মামলায় হাসনাত করিমকে অব্যাহতি দিয়েছেন আদালত। আজ বুধবার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মজিবর রহমান অভিযোগপত্র গ্রহণ করে এ আদেশ দেন। একই সঙ্গে এ মামলায় পলাতক দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ১৬ আগস্টের মধ্যে আসামি গ্রেপ্তারসংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

গত জুলাইয়ে দীর্ঘ দুই বছর তদন্ত শেষে হোলি আর্টিজান মামলার অভিযোগপত্র আদালতে পাঠানো হয়। এই মামলায় গ্রেপ্তার হওয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমের সম্পৃক্ততা পায়নি পুলিশ। তাঁকে মামলার অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়া হয়।

এ ঘটনায় ২১ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। যাঁদের মধ্যে পাঁচজন ওই দিন ঘটনাস্থলেই নিহত হন। আটজন পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন অভিযানে নিহত হন। জীবিত বাকি আটজনের মধ্যে ছয়জন গ্রেপ্তার আছেন। বাকি দুজন পলাতক। ওই ঘটনায় ৭৫টি আলামত পাওয়া গেছে, যা আদালতে পাঠানো হয়।

হোলি আর্টিজান হামলার ঘটনায় সেনাবাহিনীর অপারেশন থান্ডারবোল্টে নিহত হন পাঁচজন। তাঁরা হলেন রোহান ইবনে ইমতিয়াজ, মীর সামেহ মোবাশ্বের, নিবরাস ইসলাম, শফিকুল ইসলাম ওরফে উজ্জ্বল ও খায়রুল ইসলাম ওরফে পায়েল।

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন অভিযানে নিহত হন আটজন। তাঁরা হলেন তামীম আহমেদ চৌধুরী, নুরুল ইসলাম মারজান, তানভীর কাদেরী, মেজর (অব.) জাহিদুল ইসলাম ওরফে মুরাদ, রায়হান কবির তারেক, সারোয়ান জাহান মানিক, বাশারুজ্জামান ওরফে চকলেট ও মিজানুর রহমান ওরফে ছোট মিজান।

জীবিত আটজনের মধ্যে ছয়জন জেলে। তাঁরা হলেন রাজীব গান্ধী, মিজানুর রহমান ওরফে বড় মিজান, রাকিবুল হাসান রিগ্যান, হাতকাটা সোহেল মাহফুজ, হাদিসুর রহমান সাগর ও রাশেদ ইসলাম ওরফে আবু জাররা।

এ ছাড়া পলাতক দুই আসামি হচ্ছেন শরিফুল ইসলাম ওরফে খালেদ ও মামুনুর রশীদ ওরফে রিপন।

২০১৬ সালের ১ জুলাই রাতে হোলি আর্টিজানে জঙ্গিরা হামলা চালায়। তারা অস্ত্রের মুখে দেশি-বিদেশি অতিথিদের জিম্মি করে। ওই রাতে অভিযান চালাতে গিয়ে পুলিশের দুই কর্মকর্তা নিহত হন। পরদিন সকালে সেনা কমান্ডোদের অভিযানে পাঁচ জঙ্গিসহ ছয়জন নিহত হয়। পরে পুলিশ ১৮ বিদেশিসহ ২০ জনের মরদেহ উদ্ধার করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একজন রেস্তোরাঁকর্মী।