হোলি উৎসবে নারী লাঞ্ছনা, গ্রেপ্তার তিন তরুণ কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার শাঁখারীবাজারে রং দিয়ে পথচারী ও নারীদের লাঞ্ছিত করার অভিযোগে তিন তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন মো. আকাশ (১৯), মো. সিফাত (২০) ও মো. মামুন (১৮)। গতকাল বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম ডিএমপি নিউজে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপি নিউজে বলা হয়েছে, গত রোববার পুরান ঢাকার শাঁখারীবাজারে সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে উৎসবমুখরভাবে হোলি উৎসব পালন করা হচ্ছিল। একপর্যায়ে কিছু বখাটে উৎসবে অংশ নেওয়ার নামে পথচারী ও অফিসগামী বিভিন্নজনকে রং মাখিয়ে লাঞ্ছিত করেন। তাঁরা রিকশায় চলমান নারীদের গায়ে ও মুখে রং লাগিয়ে নানা কুরুচিপূর্ণ মন্তব্য ও অঙ্গভঙ্গি করেন। পরবর্তী সময়ে এ ব্যাপারে কোতোয়ালি থানায় অভিযোগ করা হলে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে।