হোলি উৎসবে হঠাৎ শোকের ছায়া
চলছে হোলি উৎসব। অন্যান্য অঞ্চলের মতো আনন্দ-উদ্দীপনার কমতি ছিল না রাজধানীর হাজারীবাগের সুলতানগঞ্জে। কিন্তু হঠাৎ সেখানে নেমে এল স্তব্ধতা, শোকের ছায়া। উৎসবের আনন্দে মাতোয়ারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অরিত্র পাল ওরফে শিমুলের মর্মান্তিক মৃত্যুই এর কারণ।গতকাল শুক্রবার দুপুরে উৎসব শেষে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে মারা যান অরিত্র। তিনি রাজধানীর ধানমন্ডির ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হোলি উৎসব উপলক্ষে গতকালও হাজারীবাগের সুলতানগঞ্জ এলাকায় অরিত্র তাঁর বন্ধুদের সঙ্গে রং খেলেছেন। করেছেন আনন্দ-উল্লাস। এরপর বেলা একটার দিকে বন্ধুদের সঙ্গে স্থানীয় একটি পুকুরে গোসল করতে যান। পুকুরে ঝাঁপ দেওয়ার পর পানিতে তলিয়ে যান অরিত্র। অনেক খোঁজাখুঁজির পর তাঁর সন্ধান পেয়ে স্থানীয় লোকজন পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের ডুবুরিরা পুকুরের তলদেশ থেকে লাশ উদ্ধার করেন। অরিত্রর আত্মীয় শুভাষ চন্দ্র পাল বলেন, পুকুরটি বেশ গভীর। তা ছাড়া অরিত্র সাঁতার জানতেন না। তিনি মেধাবী ছাত্র ছিলেন। এমন করুণ মৃত্যুতে হোলি উৎসবে আনন্দে মুখর সুলতানগঞ্জে হঠাৎ শোকের ছায়া নেমে এসেছে।