হোল্ডিং কর দিতে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর হোল্ডিং কর দিতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। বাড়িতে বাড়িতে কর পরিশোধের বই না দেওয়ায় নগরবাসী নিজেদের সুবিধামতো ব্যাংকে কর দিতে পারছেন না। বাধ্য হয়ে সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয়ে গিয়ে কর দিচ্ছেন। এর ফলে তাঁদের যেমন অতিরিক্ত ভোগান্তি হচ্ছে, তেমনি ‘বকশিশের নামে’ বাড়তি টাকা আদায়েরও অভিযোগ পাওয়া গেছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের তিনটি আঞ্চলিক কার্যালয় ঘুরে এই চিত্র পাওয়া গেছে।
দুই সিটি করপোরেশনে খোঁজ নিয়ে জানা যায়, আগে কর পরিশোধের জন্য সিটি করপোরেশনের কর বিভাগ বিভিন্ন এলাকায় করের আলাদা বই সরবরাহ করত। সেই বই নিয়ে নগরবাসী নিজেদের ওপর আরোপিত কর সুবিধামতো তাঁদের বাড়ির পাশের ব্যাংকে গিয়ে জমা দিতেন। কিন্তু এ বছর সিটি করপোরেশন সেই বই সরবরাহ করেনি। কর পরিশোধের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর। ফলে ঝামেলা এড়াতে অনেকে সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয়গুলোতে এসে নিজেদের উদ্যোগে কর দিচ্ছেন।
গতকাল মঙ্গলবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের জোন-৫-এ গিয়ে দেখা যায়, এই জোনের অন্তর্ভুক্ত বিভিন্ন এলাকার বাসিন্দারা কর দিচ্ছেন। তাঁদেরই একজন মোহাম্মদপুরের তাজমহল রোডের মাহাবুবুর রহমান বলেন, তাঁর এলাকার কয়েকটি বাড়ির কোনোটিতেই কর পরিশোধের বই যায়নি। তাই বাধ্য হয়ে তিনি নিজেই কর দিতে এসেছেন। তিনি বলেন, ‘বই থাকলে যানজট ঠেলে গরমের মধ্যে এখানে আসতে হতো না। সুবিধামতো ব্যাংকে টাকা জমা দিতে পারতাম। এখানে আসতে অফিস থেকে ছুটি নিতে হয়েছে।’
একই কার্যালয়ে মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিংয়ের বাসিন্দা ব্যবসায়ী নুরুল ইসলামও কর দিতে এসেছিলেন। তিনি অভিযোগ করেন, তাঁর কর হয়েছিল ২ হাজার ১২৮ টাকা। তিনি ২ হাজার ২০০ টাকা দিলে কর কর্মকর্তা আর কোনো টাকা ফেরত দেননি। তিনি বাকি টাকা ‘বকশিশ’ হিসেবে নিয়েছেন।
এখানে কর দিতে আসা আরও কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেল, বাড়িতে বাড়িতে কর বই দেওয়ার নিয়ম থাকলেও তা দেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে তাঁরাই কার্যালয়ে আসছেন। এটা একধরনের ভোগান্তি। এ ছাড়া বাড়িতে বই না পাঠানো একধরনের কৌশল। এই সুযোগে কর্মকর্তারা বকশিশের নামে বাড়তি কিছু টাকা আয় করছেন।
ঢাকা দক্ষিণের নগর ভবনে দুটি জোনে গিয়েও একই দৃশ্য দেখা গেল। অঞ্চল-১-এ কর পরিশোধের জন্য এসেছিলেন ধানমন্ডির বোরহান উদ্দিন। তিনি বলেন, করের বই বাড়িতে না আসায় তিনি নিজেই কর পরিশোধ করতে এসেছেন।
কাঁঠালবাগান এলাকার সিদ্দিকুর রহমান (৫৬) বলেন, ‘আমি বয়স্ক মানুষ। বই বাড়ির ঠিকানায় গেলে আর এখানে কষ্ট করে আসতে হতো না।’
হাতিরপুলের এক নারী বাসিন্দা বলেন, তিনি ১০ হাজার টাকা কর দিয়েছেন। তবে তাঁকে ১০০ টাকা বকশিশ দিতে হয়েছে। এর কারণ হিসেবে তাঁকে বলা হয়েছে, তাঁর কাগজপত্রে সমস্যা আছে। বাড়তি টাকা না দিলে তাঁর কর নেওয়া হবে না। বাধ্য হয়ে তিনি ঝামেলা এড়াতে এই বকশিশ দেন।
মতিঝিলের বাসিন্দা স্বপন কুমার বসাক বলেন, তাঁদের তিনটি বাড়ির কোনোটিতেই কর পরিশোধের বই যায়নি।
তবে অঞ্চল-১-এর কর কর্মকর্তা আশরাফ উজ্জামান হাওলাদার দাবি করেন, কর পরিশোধের বই পাঠানোর কার্যক্রম চলছে। ৩০ সেপ্টেম্বরের মধ্য কীভাবে বাড়ি বাড়ি কর পরিশোধের বই পাঠাবেন, এমন প্রশ্নে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। কর্মকর্তাদের বকশিশ নেওয়ার কথাও তিনি অস্বীকার করেন।
কর পরিশোধের বই সময়মতো না দেওয়া, অতিরিক্ত অর্থ আদায় ও ভোগান্তির বিষয়ে জানানো হলে ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন প্রথম আলোকে বলেন, বিষয়টি তিনি এই প্রতিবেদকের কাছেই শুনলেন। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবেন।
এ বিষয়ে ঢাকা উত্তরের প্রধান নির্বাহী কর্মকর্তা বি এম এনামুল হক বলেন, কোথাও কোথাও এই সমস্যা হতে পারে বইয়ের স্বল্পতার কারণে। তবে ঢালাওভাবে পায়নি, এটি সঠিক নয়। তারপরও তিনি খোঁজ নেবেন।