হোল্ডিং কর বাড়ানোর উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২০১৩-১৪ অর্থবছরে হোল্ডিং কর বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। রাজস্ব আদায়ের অন্যতম খাত হিসেবে হোল্ডিং কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৮৮ কোটি টাকা। যা গত অর্থবছরের তুলনায় প্রায় ১০০ কোটি টাকা বেশি। গতকাল বুধবার ডিএনসিসির নতুন অর্থবছরের জন্য এক হাজার ৯৮৪ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়। দুপুরে গুলশানের একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন ডিএনসিসির নবনিযুক্ত প্রশাসক মো. আখতার হোসেন ভূইয়া। তিনি বলেন, বাজেটে নতুন করারোপ করা হচ্ছে না। তবে এখনো যাঁরা বাইরে রয়েছেন, তাঁদের করের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। এতে সিটি করপোরেশনের আয় বৃদ্ধির পাশাপাশি সেবামূলক কার্যক্রমও বাড়বে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রশাসক বলেন, ‘গত ২৪ বছর ধরে হোল্ডিং কর বাড়ানো হচ্ছে না। এবার এই কর বাড়ানোর কার্যকর উদ্যোগ নেব। কারণ, আমরা কর না বাড়ালেও বাড়ির মালিকেরা প্রতিবছর ভাড়া বাড়াচ্ছেন। তাঁদের আয় অনেক বেড়েছে।’