
রাজশাহী সিটি করপোরেশনের ধার্য করা অস্বাভাবিক হোল্ডিং ট্যাক্স প্রত্যাহারের দাবিতে গতকাল বৃহস্পতিবার একটি সংগঠনের পক্ষ থেকে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। সেই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত মেয়রকে স্মারকলিপি দিয়েছে ওই সংগঠনসহ আরও একটি সংগঠন।
সিটি করপোরেশনের অস্বাভাবিক হারে হোল্ডিং ট্যাক্স প্রত্যাহারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি রাগিব আহসানের নেতৃত্বে গঠিত ‘হোল্ডিং ট্যাক্স প্রতিরোধ কমিটি’র সদস্যরা গতকাল অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় নগর ভবনের সামনের রাস্তায় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
এর আগে গত এপ্রিলে নগরের মেস মালিক সমিতি সংবাদ সম্মেলন করে বর্ধিত হোল্ডিং ট্যাক্স প্রত্যাহারের দাবি জানায়। এরপর ১২ মে বর্ধিত হোল্ডিং ট্যাক্সকে পৌর আইন অনুযায়ী অবৈধ উল্লেখ করে রাজশাহী জজ আদালতের তিনজন আইনজীবী একটি মামলা করেন। ওই মামলায় রাজশাহী সিটি করপোরেশন, সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র, রাজস্ব কর্মকর্তা, প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিবকে বিবাদী করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে ১০টা থেকে রাগিব আহসানের নেতৃত্বে হোল্ডিং ট্যাক্স প্রতিরোধ কমিটির লোকজন রাজশাহী কলেজের সামনে জড়ো হতে থাকেন। সেখান থেকে তাঁরা বিক্ষোভ মিছিল করে বেলা সাড়ে ১১টার দিকে নগর ভবনের সামনে অবস্থান নেন। তখন পুলিশ এসে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। কিন্তু কাজ হয়নি।
কর্মসূচি চলাকালে সংগঠনের আহ্বায়ক রাগিব আহসান তাঁর বক্তব্যে বলেন, সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও নির্বাচিত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির সাহস দেখাননি। অথচ দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম সেই সাহস দেখিয়েছেন। সিটি করপোরেশন কর্তৃপক্ষ প্রতিটি বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও ছাত্রাবাসের অস্বাভাবিক হোল্ডিং ট্যাক্স বাড়িয়েছে। আগে যাঁদের ৫০০ টাকা হোল্ডিং ট্যাক্স ছিল, অস্বাভাবিক হারে বৃদ্ধির কারণে তাঁদের এখন ট্যাক্স গুনতে হবে ১৫ থেকে ২০ হাজার টাকা।
রাগিব আহসান বলেন, ‘আমরা সবাই ট্যাক্স দিতে চাই। কিন্তু সেটা হতে হবে সহনীয় মাত্রায়।’ তিনি দায়িত্বপ্রাপ্ত মেয়রের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আগামী সাত দিনের আল্টিমেটাম দিয়ে গেলাম। এ সময়ের মধ্যে নগরবাসীর হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায়ে নিয়ে আসুন। তা না হলে রাজশাহীর মানুষ পদ্মার পলিমাটির মতো শান্ত, কিন্তু এই শান্ত পলিমাটির মানুষ উত্তপ্ত হলে তাঁদের ঠেকানো কঠিন হবে।’
সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম বলেন, বড়লোকদের বাঁচানোর জন্য এ আন্দোলন করা হচ্ছে। কারণ, বেশির ভাগ নগরবাসীর ট্যাক্স নিয়ে সমস্যা মিটে গেছে। ৪০ হাজার গ্রাহকের মধ্যে প্রায় ৩৫ হাজার গ্রাহকের শুনানি হয়ে গেছে। তাঁরা ট্যাক্স দিয়েছেন। আর দুই-তিন দিন হলেই সব শুনানি হয়ে যাবে। সুতরাং এ বিষয়ে তাঁর আর কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন পড়বে না।