হোল্ডিং সংখ্যা বেড়েছে ২৮ হাজার ৭০২টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছরের ব্যবধানে চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাধীন নগরের বিভিন্ন স্থাপনার হোল্ডিং সংখ্যা বেড়েছে ২৮ হাজার ৭০২টি। কর পুনর্মূল্যায়ন কার্যক্রম শেষে বর্তমানে হোল্ডিং সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৫ হাজার ২৪৮টিতে। আগে ছিল ১ লাখ ৫৬ হাজার ৫৪৬টি।

গতকাল রোববার দুপুরে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশনের ২৫তম সাধারণ সভায় এই তথ্য জানানো হয়। চট্টগ্রামের আন্দরকিল্লায় নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে এ সভায় সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

সিটি করপোরেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করপোরেশনের কর পুনর্মূল্যায়নের পর আবাসিক শ্রেণিতে হোল্ডিং রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৬৩৭টি। বাণিজ্যিক হোল্ডিংয়ের সংখ্যা ৮ হাজার ৭৮০টি। শিল্প কারখানার হোল্ডিং ৮২৯টি। বিভিন্ন ধর্মীয় স্থাপনার হোল্ডিং আছে ১ হাজার ৪৩৮টি। মুক্তিযোদ্ধার হোল্ডিং রয়েছে ৩৩৭টি। এ ছাড়া ইতিপূর্বে মওকুফ করা হোল্ডিং রয়েছে ৪ হাজার ২২৭টি। হোল্ডিং সংখ্যা বৃদ্ধির তথ্য সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হলেও কর বৃদ্ধির পরিমাণ জানানো হয়নি।

সিটি করপোরেশনের রাজস্ব বিভাগ সূত্র জানায়, গত বছরের ২১ মার্চ নগরের আগ্রাবাদে বিশ্ব বাণিজ্যকেন্দ্রের এক অনুষ্ঠানে ১১টি ওয়ার্ডের গৃহকর পুনর্মূল্যায়ন কার্যক্রমের উদ্বোধন করেছিলেন মেয়র। বাকি ৩০টি ওয়ার্ডের গৃহকর পুনর্মূল্যায়ন কার্যক্রম শুরু হয় গত বছরের অক্টোবর মাসে। স্থাপনার ভাড়ার ভিত্তিতে গৃহকর নির্ধারণ করে সিটি করপোরেশন।

গতকালের সাধারণ সভায় মেয়র বলেন, কোরবানির ঈদের আগে ক্ষতিগ্রস্ত সড়কগুলোর সংস্কারকাজ অনেকাংশে শেষ হবে। বাকি সংস্কারের কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি। এ ছাড়া পবিত্র ঈদুল আজহার সময় পশুর বর্জ্য বিকেল পাঁচটার মধ্যে অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সভায় মেয়র জানান।

গতকাল সভায় সিটি করপোরেশনের কাউন্সিলর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।