হোসনি দালানে হামলা: হত্যা মামলায় অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘটনাস্থলে পড়ে আছে বিস্ফোরক বস্তু। ফাইল ছবি
ঘটনাস্থলে পড়ে আছে বিস্ফোরক বস্তু। ফাইল ছবি

পুরান ঢাকার হোসনি দালানে জঙ্গি হামলার ঘটনায় করা হত্যা মামলায় জেএমবির ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ মো. কামরুল হাসান মোল্লা এ অভিযোগ গঠন করেন। পরে মামলাটি বিচারের জন্য ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে পাঠান। একই সঙ্গে মামলাটি সাক্ষ্য গ্রহণ শুরু হবে আগামী ১৫ জুন।

ওই ১০ আসামি হলেন মাসুদ রানা ওরফে সুমন, কবীর হোসেন ওরফে রাশেদ ওরফে আসিফ, আবু সাঈদ ওরফে সালমান, আরমান ওরফে মনির, জাহিদ হাসান রানা ওরফে মুসায়াব, রুবেল ইসলাম ওরফে সুমন ওরফে সজীব, চান মিয়া, ওমর ফারুক, হাফেস আহসানউল্লাহ মাহমুদ ও শাহজালাল। এদের মধ্য চারজন জামিনে আছেন । বাকি ছয়জনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

অভিযোগ গঠনের সময় এই ১০ জনই নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায় বিচার প্রার্থনা করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ অনুসারে ২০১৫ সালের ২৪ অক্টোবর আশুরা উপলক্ষে হোসনি দালানের শোক মিছিলে গ্রেনেড বোমা বিস্ফারণ ঘটায় জঙ্গিরা। এ ঘটনায় একজন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হন। পরে পুলিশ চকবাজার থানায় পরের দিন মামলা করেন। তদন্ত শেষে গত বছরের ২১ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। তাতে বলা হয়, জননিরাপত্তা বিঘ্নিত করার জন্যই সন্ত্রাসী গোষ্ঠী তাদের পরিকল্পনা ও ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই হামলা চালায়।

এই আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল প্রথম আলোকে বলেন, তদন্তে দেখা গেছে এই আসামিরা জেএমবির সক্রিয় সদস্য। এ ছাড়া আরও তিনজনের নাম পাওয়া গেলেও তারা বিভিন্ন সময় বন্দুকযুদ্ধে মারা গেছে। ওই তিনজন হলে হিরন ওরফে কামাল, আলবানি ওরফে হোজ্জা ও আবদুল্লাহ ওরফে আলাউদ্দিন।