হোসনে আরা ইসলাম আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোসনে আরা ইসলাম
হোসনে আরা ইসলাম

বিশিষ্ট স্থপতি প্রয়াত মাজহারুল ইসলামের স্ত্রী হোসনে আরা ইসলাম (৮৭) গত শুক্রবার রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গুলশান আজাদ মসজিদে শুক্রবার জুমার নামাজের পর জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হয়। আগামী শুক্রবার মাগরিবের নামাজ শেষে গুলশানে মরহুমের নিজ বাড়িতে দোয়া মাহফিল হবে। এতে অংশ নিতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ করা হয়েছে।
হোসনে আরা ইসলাম কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাইস্কুল ও লেডি ব্রেবর্ন কলেজের ছাত্রী ছিলেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এমএ পাস করেন। তিনি নিজেকে সারা জীবন সমাজসেবায় নিয়োজিত রেখেছিলেন। ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রচারকাজে যুক্ত স্বামী ও ভাইয়ের কর্মকাণ্ডের সঙ্গে তিনিও জড়িত হয়েছিলেন। স্বামী মাজহারুল ইসলাম ন্যাপ ও কমিউনিস্ট পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর সঙ্গে হোসনে আরা ইসলামও যুক্ত হন। তিনি যুক্ত ছিলেন মহিলা পরিষদ ও ছায়ানটের সঙ্গেও। বিজ্ঞপ্তি।