হোসনে আরা হত্যার দায় স্বীকার, জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা মানসিক হাসপাতালের জ্যেষ্ঠ সেবিকা (সিনিয়র নার্স) হোসনে আরাকে (৩৭) হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার হওয়া আরিফুল বারী (৩০)। গতকাল বৃহস্পতিবার বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে তিনি এই স্বীকারোক্তি দেন। অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) ও শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে বুধবার ভোর চারটায় পুলিশ আরিফুলকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। তাঁর বাড়ি পাবনা সদর থানার আটোয়া খাঁপাড়া এলাকায়। আরিফুল কর্তৃক হত্যার দায় স্বীকার করে নেওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) আলহাজ উদ্দিন। তিনি জানান, আরিফুল জবানবন্দিতে বলেন, হোসনে আরা এবং তাঁর বাড়ি পাবনার সদর থানা এলাকায়। তাঁদের উভয়ের মেয়ে বগুড়ার ক্যামব্রিয়ান ক্যাডেট স্কুলে লেখাপড়া করে। এতে তাঁদের সম্পর্ক গড়ে ওঠে। হোসনে আরা লিবিয়ায় সেবিকার চাকরি করায় আর্থিকভাবে সচ্ছল ছিলেন। এ কারণে মাঝেমধ্যে তাঁকে অর্থ দিয়ে সহযোগিতা করতেন। সোমবার তাঁরা শেরপুরে আসেন। তাঁরা শহরের উলিপুর এলাকায় ব্র্যাক চিকিৎসা কেন্দ্রে ওঠেন। রাতের খাবার শেষে ঘুমাতে গেলে তাঁদের মধ্যে বিয়ের কথা নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বালিশ চাপা দিয়ে তাঁকে হত্যা করেন আরিফুল। আরিফুল বলেন, এরপর তিনি হোসনে আরার মুঠোফোনের সেট ও পার্স দিয়ে নিজেকে রক্ষায় ওই রাত চারটায় বের হয়ে বাসযোগে বাড়িতে ফিরে যান। মুঠোফোনের সূত্র ধরে তাঁকে যেন শনাক্ত করতে না পারে এ জন্য ফোনসেট ও পার্স নিয়ে গিয়ে চলন্ত বাস থেকেই সিরাজগঞ্জ এলাকায় নদীতে নিক্ষেপ করেন। আরিফুলকে গ্রেপ্তারের পর প্রথমে পুলিশ তাঁকে শহরের উলিপুর এলাকায় ব্র্যাক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। ওই কেন্দ্রের কর্মরত কয়েকজন আরিফুলকে শনাক্ত করেন।শেরপুর শহরের উলিপুর এলাকায় ব্র্যাক চিকিৎসা কেন্দ্রের নার্স কক্ষের বাথরুম থেকে মঙ্গলবার বেলা ১১টায় হোসনে আরার মৃতদেহ পুলিশ উদ্ধার করে। ওই দিন রাতেই তাঁর বড় ভাই মোকাররম হোসেন বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।