হোসিয়ারি শ্রমিকদের সাত দফা দাবি
বেতন ও মজুরি দ্বিগুণ বৃদ্ধি, ছাঁটাই বন্ধসহ সাত দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে হোসিয়ারি শ্রমিক ইউনিয়ন।গতকাল মঙ্গলবার সকালে শহরের উকিলপাড়া রেললাইন-সংলগ্ন এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ হোসিয়ারি শ্রমিক ইউনিয়নের সভাপতি রমজান মিয়া।অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন দত্ত, সহসভাপতি স্বপন দাস, যুগ্ম সম্পাদক আওলাদ হোসেন, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি আবদুল্লাহ শরীফ, জাতীয়তাবাদী হোসিয়ারি শ্রমিক দলের সাধারণ সম্পাদক ওয়ালীউল্লাহ প্রমুখ। বক্তারা বলেন, সারা দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হলেও হোসিয়ারি শ্রমিকেরা তাঁদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত। তিনি আরও জানান, মালিকপক্ষের সঙ্গে প্রতি দুই বছর পর শ্রমিকদের মধ্যে বেতন-ভাতা বৃদ্ধি বিষয়ে চুক্তি হয়। তবে এবার দুই বছর পাঁচ মাস অতিবাহিত হলেও মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে কোনো ধরনের চুক্তি করেনি। এ কারণে শ্রমিকেরা বর্তমানে খুব সমস্যায় দিন অতিবাহিত করছেন। দ্রুত সাত দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তাঁরা।