হোসেন জামাল স্মৃতি পুরস্কার পেলেন ‘ময়েন স্যার’
নারায়ণগঞ্জের সুধীজন পাঠাগার প্রবর্তিত হোসেন জামাল স্মৃতি পুরস্কার পেয়েছেন গোপালগঞ্জের নজরুল পাবলিক লাইব্রেরির গ্রন্থাগারিক মঈন উদ্দিন। সুধীজন পাঠাগারে গতকাল শুক্রবার সন্ধ্যায় আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে একটি অভিজ্ঞানপত্র ও ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।ছয় দশকের অবৈতনিক গ্রন্থাগারিক মঈন উদ্দিনকে নিয়ে প্রথম আলোর প্রথম পাতায় ‘একজন ময়েন স্যার’ শিরোনামে গত ২৮ জানুয়ারি একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। সুধীজন পাঠাগারের সম্মাননা অনুষ্ঠানে মঈন উদ্দিন বলেন, ‘বইপড়া ও অন্যকে দিয়ে পড়ানো আমার নেশা। যত বয়স বাড়ছে, এই নেশা আমাকে পেয়ে বসছে। জীবনের শেষ দিন পর্যন্ত আমি এই কাজ করে যেতে চাই। আমি চাই, দেশের আনাচ-কানাচে আরও পাঠাগার গড়ে উঠুক। পাঠাভ্যাস ছড়িয়ে পড়ুক প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।’অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের সাবেক মহাপরিচালক ও সুধীজন পাঠাগারের প্রতিষ্ঠাতা কর্মাধ্যক্ষ ফজলে রাব্বি। তিনি বলেন, ‘মঈন উদ্দিন যখন টগবগে যুবক, তখন নজরুল পাবলিক লাইব্রেরির দায়িত্ব নিয়েছিলেন। এখন জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়েও সেই লাইব্রেরির হাল ধরে রেখেছেন। তাঁর তত্ত্বাবধানে সমৃদ্ধ লাইব্রেরির বইয়ের সংগ্রহ ২০০ থেকে ১৩ হাজারে উন্নীত হয়েছে। একই সঙ্গে বেড়েছে পাঠকের সংখ্যা। জীবনের সব সৃষ্টি, কর্ম তিনি এখানেই বিনিয়োগ করেছেন। বিনিময়ে কোনো অর্থমূল্য নেননি।’বিশেষ অতিথি যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আমিরুল আলম খান বলেন, ‘মঈন উদ্দিন এক অনুকরণীয় ব্যক্তিত্ব। তাঁর কর্ম আমাদের অনুপ্রাণিত করে।’অনুষ্ঠানে বক্তব্য দেন পাঠাগারের পরিচালক মুহাম্মদ আইউব, কর্মাধ্যক্ষ আসজাদুল কিবরিয়া প্রমুখ। সঞ্চালন করেন পাঠাগারের সাংস্কৃতিক কর্মাধ্যক্ষ আফজাল হোসেন।দেশের আদর্শ বেসরকারি পাঠাগার হিসেবে বিবেচিত সুধীজন পাঠাগারের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হোসেন জামালের স্মরণে ১৯৮৯ সাল থেকে প্রতিবছর দেশের শিক্ষা, সাহিত্য, সমাজসেবা ও গ্রন্থাগারের যেকোনো একটি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়। মহান ভাষা আন্দোলনের ছয় দশক ও সুধীজন পাঠাগারের চার যুগ পূর্তি উপলক্ষে এ বছর মাসব্যাপী কর্মসূচি পালন করছে পাঠাগার কর্তৃপক্ষ।প্রচারবিমুখ গ্রন্থপ্রেমী মঈন উদ্দিন গত শতকের পঞ্চাশের দশকে নজরুল পাবলিক লাইব্রেরির দায়িত্ব নেন। গোপালগঞ্জ শহরে ১৯২০ সালে পাঠাগারটি প্রতিষ্ঠিত হয়। পাঠাগারের নিজস্ব জমি, ভবন এবং দেশি-বিদেশি বই ও পত্রপত্রিকা সংগ্রহে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মঈন উদ্দিন। শিক্ষার্থী ও গবেষক থেকে বিভিন্ন ধরনের পাঠক এই পাঠাগারে যাতায়াত করে। এ ছাড়া বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের ফলে প্রতিষ্ঠানটি শহরের শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।