হোসেন জিল্লুরের বক্তব্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল সোমবার সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের কুশপুত্তলিকা দাহ করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা। বিশ্ববিদ্যালয়টির শিক্ষার মান নিয়ে প্রশ্ন তুলে তাঁর দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানান তাঁরা।

গত ২৮ ডিসেম্বর রাজধানীর সিরডাপ মিলনায়তনে শিক্ষাবিষয়ক এক সেমিনারে হোসেন জিল্লুর রহমান পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবস্থা ডিগ্রি কলেজের চেয়েও দুর্বল বলে মন্তব্য করেন।

পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা গতকাল সকালে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। পরে ক্যাম্পাসের বিজয় ভাস্কর্যের সামনে হোসেন জিল্লুর রহমানের কুশপুত্তলিকা দাহ করা হয়। পরে ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি স্বদেশ চন্দ্র সামন্ত, ভূমি ব্যবস্থাপনা ও প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক আ ক ম মোস্তফা জামানসহ কয়েকজন।

স্বদেশ সামন্ত বলেন, ‘একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে মনগড়া বক্তব্য তাঁর (হোসেন জিল্লুর) কাছ থেকে আমরা আশা করিনি। এই বক্তব্যের পর তাঁর সম্পর্কে যাদের স্বচ্ছ ধারণা ছিল, তাতে সন্দেহের সৃষ্টি হবে। একই সঙ্গে তাঁর সামাজিক গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠবে। আমার বিশ্বাস, নিজের ভুল বুঝতে পেরে জিল্লুর সাহেব বক্তব্য প্রত্যাহার করে নেবেন।’

সমাবেশে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপক সুলতান আহমেদ, রবিউল হক ও আবুল কাসেম চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জেহাদ পারভেজ, কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বঙ্গবন্ধু সমন্বয় পরিষদের সভাপতি লুৎফর রহমান প্রমুখ।

হোসেন জিল্লুর রহমান অবিলম্বে তাঁর বক্তব্য প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা।