হোসেনপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফ হোসেনকে মারধর করেছে সন্ত্রাসীরা। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। উপজেলা পরিষদে কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। একই দিন জেলার করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তাকে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মঙ্গলবার হোসেনপুর উপজেলা পরিষদের মাসিক সমন্বয় কমিটির সভায় নিয়োগসংক্রান্ত বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদির ও ভাইস চেয়ারম্যান আশরাফ হোসেনের মধ্যে তর্ক হয়। একপর্যায়ে সভা পণ্ড হয়ে যায়। এ সময় আবদুল কাদিরের সমর্থকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে আশরাফ হোসেনকে ডেকে মাঠে নিয়ে যান। তাঁরা আবদুল কাদিরের কাছে ক্ষমা চাওয়ার জন্য তাঁকে চাপ দেন। এর কিছুক্ষণ পর একদল সন্ত্রাসী এসে আশরাফকে মারধর শুরু করে। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে।আশরাফ হোসেন অভিযোগ করে বলেন, ‘চেয়ারম্যানের নির্দেশে পরিকল্পিতভাবে আমার ওপর হামলা চালানো হয়েছে।’ এ ব্যাপারে আবদুল কাদিরের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। ইউএনও আবুল কালাম আজাদ বলেন, লিখিত অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের উরদিঘী গ্রামের ইয়াসিন মিয়া নামের এক ব্যক্তি গত সোমবার ভূমি কার্যালয়ে জমির খাজনা দিতে আসেন। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মঞ্জুরুল হক জমির কাগজপত্রে ঝামেলা আছে উল্লেখ করে তা সমাধানের পর খাজনা পরিশোধ করতে বলেন। পরদিন মঙ্গলবার ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামকে নিয়ে ইয়াসিন আবার আসেন। কার্যালয়ে ঢুকেই মঞ্জুরুল হককে গালাগাল করতে থাকেন শফিকুল ইসলাম। এর প্রতিবাদ করলে শফিকুল ইসলাম তাঁকে চড়-থাপড় মারতে থাকেন। একপর্যায়ে চেয়ার তুলে আঘাতের চেষ্টা চালান। মঞ্জুরুলকে মারধরের অভিযোগ অস্বীকার করে শফিকুল ইসলাম বলেন, ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে মানুষকে হয়রানির অভিযোগ রয়েছে।