হোসেনপুর থানায় সাক্ষ্য দিয়ে ফেরার পথে সাবেক ইউপি চেয়ারম্যান নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের হোসেনপুর থানায় সাক্ষ্য দিয়ে ফেরার পথে গতকাল শুক্রবার এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর নাম মো. আবু বকর সিদ্দিক (৫৫)। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শ্রমিকনেতা। হামলায় তাঁর মেয়ে নাদিয়া আক্তার (২৮) ও বন্ধু খায়রুল আলম খান (৫০) আহত হয়েছেন। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আবু বকর সিদ্দিকের মেয়ের শ্বশুরবাড়ির লোকজন এ হামলার জন্য দায়ী। পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ২২ ডিসেম্বর আবু বকর সিদ্দিকের মেয়ে নাদিয়া আক্তারের স্বামী মো. হারুন-অর রশিদ খুন হন। এ ঘটনায় হারুন-অর রশিদের বাবা জালাল ফকির বেয়াই ও পুত্রবধূর বিরুদ্ধে কিশোরগঞ্জ থানায় হত্যা মামলা করেন এবং পুত্রবধূকে স্বামীর সম্পত্তির ওয়ারিশ থেকে বঞ্চিত করেন। পরে নাদিয়া আক্তার স্বামীর ওয়ারিশ দাবি করে হোসেনপুর থানায় মামলা করেন। নিহত ব্যক্তির ছেলে মো. হানিফ জানান, তাঁর বোনের করা মামলায় সাক্ষ্য দিতে তাঁর বাবা, বোন ও বাবার বন্ধু একটি মাইক্রোবাসে করে গতকাল দুপুরে হোসেনপুর থানায় যান। সাক্ষ্য শেষে কিশোরগঞ্জে ফেরার পথে মাইক্রোবাসটি বেলা সোয়া তিনটার দিকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড় এলাকা পার হওয়ার সময় বোনের শ্বশুরবাড়ির লোকজন সেটি থামায় ও হামলা চালায়। তাদের ধারালো অস্ত্রের আঘাতে তিনজনই গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে হোসেনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান থেকে তাঁর বাবাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার কিছুক্ষণ পরই তাঁর বাবা মারা যান। কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক মো. সেলিম শাহেদ জানান, নাদিয়া আক্তার ও খায়রুল আলমের অবস্থা আশঙ্কাজনক। হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আবদুস সাত্তার জানান, হারুন-অর রশিদের হত্যাকাণ্ডের জের ধরে এ হামলা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।