হোসেনপুরে চার পুলিশ সদস্যসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় মা ও ছেলেকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগে চার পুলিশ সদস্যসহ ১৪ জনের বিরুদ্ধে বিচারিক হাকিম আদালতে একটি মামলা হয়েছে। গত ২৫ জানুয়ারি পিটুনিতে আহত লতিফা খাতুনের অপর ছেলে জাহাঙ্গীর আলম মামলাটি করেন। আদালত ১৪ মার্চের মধ্যে এ ব্যাপারে তদন্ত প্রতিবেদন দিতে কিশোরগঞ্জের গোয়েন্দা পুলিশকে নির্দেশ দিয়েছেন। আহত মা ও ছেলে হলেন উপজেলার সাহেদল ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আবদুল খালেকের স্ত্রী লতিফা খাতুন (৪৫) ও ছেলে আলমগীর (২০)। মামলার আসামিদের মধ্যে পুলিশ সদস্যরা হলেন হোসেনপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শামছুুল হুদা, কনস্টেবল মজিবুর রহমান, মানিক ও জালাল।সংশ্লিষ্ট সূত্র জানায়, ২১ জানুয়ারি নয়াপাড়া গ্রামে হোসেনপুর থানার একদল পুলিশের উপস্থিতিতে আবদুল খালেকের বসতঘরসংলগ্ন পুলিশ কনস্টেবল মজিবুরের বাড়িতে পল্লী বিদ্যুতের খুঁটি থেকে অবৈধভাবে বিদ্যুত্ সংযোগ দেওয়া হচ্ছিল। এতে বাধা দিতে গেলে লতিফা খাতুন ও আলমগীরকে এএসআই শামছুল হুদাসহ চার পুলিশ সদস্য বেদম পিটুনি দেন। এতে মা ও ছেলে আহত হন। কনস্টেবল মজিবুর এএসআই শামছুল হুদাসহ কয়েকজন পুলিশ সদস্যকে তাঁর বাড়িতে নিয়ে গিয়েছিলেন। ইউএনও মো. তমিজুল ইসলাম খান জানান, ‘জেলা প্রশাসকের চিঠি পেয়েছি। দু-এক দিনের মধ্যে সরেজমিন তদন্ত করা হবে।’