হোসেনপুরে চার হাজার নলকূপে পানি উঠছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় খাওয়ার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এতে হাজার হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় উপজেলার চার হাজারেরও বেশি নলকূপে পানি উঠছে না। ফলে খাওয়ার পানির সংকটে পড়েছে মানুষ। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলায় গভীর ও অগভীর নলকূপের সংখ্যা আট হাজার ৯৭৯টি। এর মধ্যে চার হাজারের বেশি নলকূপে পানি উঠছে না। বৃষ্টি না হওয়া, জলবায়ুর পরিবর্তন এবং তাপমাত্রা অতিরিক্ত বাড়ার কারণে পানির স্তর নিচে নেমে গেছে।উপজেলার পানান গ্রামের সুফিয়া বেগম (২৮) ও মাসুদ মিয়া (৩৫), শাহেদল গ্রামের রোকেয়া খাতুন (৪৫) ও মনজিলা বেগম (৩৫) জানান, গ্রামের অধিকাংশ নলকূপে পানি উঠছে না। দীর্ঘক্ষণ নলকূপ চেপেও এক পাতিল পানি তোলা সম্ভব হচ্ছে না। এ কারণে বাড়ি থেকে দূরবর্তী কোনো স্থানে নলকূপে পানি ওঠার খবর পেলে, সেখান থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে। অধিকাংশ নলকূপে পানি না ওঠায় এলাকায় খাওয়ার পানির জন্য হাহাকার চলছে।শাহেদল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ মাহবুবুল হক জানান, পানির স্তর নিচে নেমে যাওয়ায়, উপজেলার প্রায় অর্ধেক নলকূপে পানি উঠছে না। এ কারণে হোসেনপুরবাসী খাওয়ার পানির তীব্র সংকটে ভুগছে।কিশোরগঞ্জ জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী তুজাম্মেল হক বলেন, ‘কয়েক দিন হলো আমি এখানে যোগদান করেছি। সার্বিক বিষয় সম্পর্কে আমার জানা নেই। তবে, প্রকৃতির ওপর কারও হাত নেই। বৃষ্টি হলে অবস্থার উন্নতি হবে। আর যেসব নলকূপ নষ্ট, তা মেরামত করে দেওয়া হবে।’