হোসেনপুরে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত
কিশোরগঞ্জের হোসেনপুরে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন। গতকাল বুধবার দুপুরে হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবেরচর গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সাহেবেরচর গ্রামের আবদুস সামাদ ও একই গ্রামের নাজমুলের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে গতকাল দুপুরে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে টেঁটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান কৃষক নাজমুল ইসলাম। আহত ব্যক্তিদের মধ্যে লাল মিয়া (৬০) ও নিজু মিয়াকে (২৬) গুরুতর অবস্থায় কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রতন মিয়া (৩০), কালা মিয়া (৫৫), আলামিন (২৪) ও সজলকে (৪০) হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আবদুস সাত্তার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশটি উদ্ধার করে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহতএদিকে গতকাল দুপুরে হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ঝর্ণা খাতুন (৩৫) নামে এক গৃহবধূ। এলাকাবাসী জানায়, হোসেনপুর থেকে টমটমে চড়ে জিনারী যাওয়ার পথে টমটম থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান ঝর্ণা। নিহত ঝর্না একই উপজেলার বীরকাটিহাড়ি গ্রামের মুখলেছ মিয়ার কন্যা বলে জানা গেছে।