হোসেনপুরে ট্রান্সফরমার চুরি গ্রাহকদের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পদুরগাতি এলাকায় পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমার চুরি হয়েছে। এতে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ৩৫ জন গ্রাহক ভোগান্তির শিকার হচ্ছেন।
গত বুধবার দিবাগত রাতের কোনো এক সময় হোসেনপুর পৌর এলাকার পদুরগাতি শেষ সীমানায় নান্দাইল-হোসেনপুর সড়কের জামে মসজিদসংলগ্ন স্থানে এ চুরির ঘটনা ঘটে।
এ ব্যাপারে ওই এলাকার আবু তাহের নামে এক গ্রাহক গতকাল বৃহস্পতিবার হোসেনপুর পল্লী বিদ্যুতের আঞ্চলিক কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এলাকাবাসী ও পল্লী বিদ্যুতের হোসেনপুর আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, একই রাতে (গত বুধবার রাত) উপজেলার পুমদি ইউনিয়নের বিল চাতল গ্রামে ১১ হাজার ভোল্টেজের তিনটি লাইনকে দড়ি দিয়ে একত্র করে গাছের সঙ্গে বেঁধে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে আরেকটি ট্রান্সফরমার চুরির চেষ্টা করে একদল চোর। এ সময় এলাকাবাসী টের পেয়ে ধাওয়া করলে চোরেরা পালিয়ে যায়।
কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির হোসেনপুর আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আখতার হোসেন প্রথম আলোকে বলেন, চুরি যাওয়া ১৫ কেভিএ ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমারের বাজারমূল্য প্রায় ৭০ হাজার টাকা। পল্লী বিদ্যুতের নিয়ম অনুযায়ী এই মূল্যের অর্ধেক অর্থাৎ ৩৫ হাজার টাকা গ্রাহকেরা পরিশোধ করলে তাঁরা পুনরায় বিদ্যুতের সংযোগ পাবেন।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু মোল্লা প্রথম আলোকে বলেন, ‘এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগে পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’