হোসেনপুরে ফের সড়ক অবরোধ
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফ হোসেন কবীরের ওপর হামলার প্রতিবাদে গতকাল রোববার সকালে কিশোরগঞ্জ-হোসেনপুর মহাসড়ক অবরোধ করা হয়। ব্যস্ততম সড়কে গাছ ফেলে চার ঘণ্টা অবরোধ করে রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যানের সমর্থকেরা। এ সময় সড়কের উভয় দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়।পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজিত জনতার সঙ্গে সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে পুলিশ ধাওয়া করে জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন: মো. রফিক (৩৫), চান মিয়া (৭২), সোহেল (৩৬), ইলিয়াস (২০), সুরুজ আলী (৫৫), ফিরোজ মিয়া (২২)। ৩১ জুলাই উপজেলা পরিষদে মাসিক সমন্বয় সভা চলাকালে উপজেলা চেয়ারম্যান ও জাতীয় পার্টির সভাপতি আবদুল কাদির স্বপনের সঙ্গে ভাইস চেয়ারম্যান আশরাফ হোসেন কবীরের বিভিন্ন বিষয় নিয়ে তর্ক হয়। পরে উপজেলা চেয়ারম্যানের সমর্থিত লোকজন উপজেলা পরিষদের মাঠে ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা আশরাফ হোসেন কবীরকে পিটিয়ে আহত করেন। উপজেলা ভাইস চেয়ারম্যান বলেন, ‘চেয়ারম্যানের লোকজন যেভাবে আমাকে অপমান ও মারধর করেছে, তা এলাকাবাসী মেনে নিতে পারছে না। তাই তারা লাগাতার কর্মসূচি ঘোষণার কথা ভাবছে। থানায় অখিযোগ দেওয়ার পাঁচ দিনেও মামলা নেয়নি পুলিশ। এ বিষয়টি রহস্যজনক।’ হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল আলম বলেন, ‘পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভাইস চেয়ারম্যানের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে মামলা নথিভুক্ত করা হবে।’