হোসেনপুরে বন্যায় ১২০০ কৃষকের ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রহ্মপুত্র নদে পানি বাড়ায় কিশোরগঞ্জের হোসেনপুরে রোপা আমন ও সবজিখেত তলিয়ে যাচ্ছে। এতে উপজেলার তিন ইউনিয়নের নয়টি গ্রামের প্রায় ১ হাজার ২০০ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, এই উপজেলায় এবার ১৯ হাজার ৭৬০ একর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এ পর্যন্ত প্রায় ১৪ হাজার ৮২০ একর জমিতে রোপা আমন আবাদ হয়েছে। এর মধ্যে ব্রহ্মপুত্র নদের পানি উপচে সৃষ্ট বন্যার কারণে গত বুধবার পর্যন্ত ১ হাজার ৩৫৯ একর জমির রোপা আমন ধান ও ১৪৮ একর জমির সবজি তলিয়ে গেছে।

গত সোমবার সরেজমিনে দেখা যায়, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবের চর গ্রাম। এ ছাড়া উপজেলার জিনারী, আড়াইবাড়িয়া ইউনিয়নে রোপা আমন ও সবজিখেত তলিয়ে গেছে।

সাহেবের চর গ্রামের কৃষক বাদল মিয়া বলেন, তিনি ২০ একর জমিতে আমন চাষ করেছিলেন। বন্যায় তাঁর সব জমি তলিয়ে গেছে। কৃষকেরা বলেন, প্রতি একর জমি রোপণ করতে ১ হাজার টাকার অধিক খরচ হয়। এ ক্ষতি পুষিয়ে নেওয়া খুবই কষ্টসাধ্য হবে তাঁদের জন্য।