হোসেনপুরে বিএনপির কর্মীকে শ্বাসরোধ করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের হোসেনপুরে গতকাল রোববার রাতে মুসতাক আহমেদ (৩৫) নামে বিএনপির এক কর্মী দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন। তিনি উপজেলার শাহেদল ইউনিয়নের উত্তর কুড়িমারা গ্রামের আবদুল হেকিমের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানান, গতকাল গভীর রাতে দুর্বৃত্তরা তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে লাশ বাড়ির কাছে ঠাডারকান্ডা বাজার এলাকায় ফেলে যায়।
খবর পেয়ে পুলিশ আজ সোমবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠায়। তবে হত্যার কারণ সম্পর্কে এখন পর্যন্ত পুলিশ কোনো কিছু বলতে পারেনি।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে নয়টার দিকে অজ্ঞাতপরিচয় কয়েকজন যুবক মুসতাককে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে তিনি আর বাড়ি ফেরেননি। আজ সকালে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়।
জানতে চাইলে হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম বলেন, মোসতাক বিএনপির সক্রিয় কর্মী ছিলেন। তিনি দাবি করেন, রাজনৈতিক প্রতিপক্ষ মোসতাককে হত্যা করেছে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডটি পরিকল্পিত বলে ধারণা করা হচ্ছে। তবে খুনের মূল রহস্য উদঘাটনে তদন্ত চলছে।