হোসেনপুরে যুবক খুন
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে মুসতাক আহমেদ (৩৫) নামের এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রোববার রাতে শাহেদল ইউনিয়নের কুড়িমারা গ্রামে এ ঘটনা ঘটে। মুসতাক ওই গ্রামের আবদুল হেকিমের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে দুর্বৃত্তরা মুসতাককে বাড়ি থেকে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে তারা লাশ মুসতাকের বাড়িসংলগ্ন ঠাডারকান্ডা বাজার এলাকায় ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ গতকাল সকালে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠায়। নিহত মুসতাকের পরিবারের সদস্যরা জানান, ওই দিন রাত সাড়ে নয়টার দিকে অজ্ঞাতনামা কয়েকজন যুবক মুসতাককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর সে আর বাড়ি ফেরেনি।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মুসতাককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
চালকের লাশ উদ্ধার: চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি জানান, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রাজেশপুর পার্কসংলগ্ন একটি জঙ্গল থেকে গতকাল সোমবার মনির হোসেন (৩২) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মনির চৌদ্দগ্রামের কাশিনগর ইউনিয়নের সাতবাড়িয়া (দাতামা) গ্রামের আলী নেওয়াজের ছেলে। সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শাখাওয়াত হোসেন জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে গতকাল সকালে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।