ব্রহ্মপুত্র নদের ভাঙনে গত এক সপ্তাহে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সাহেবেরচর গ্রামের শতাধিক বসতভিটা বিলীন হয়ে গেছে। ভাঙন অব্যাহত থাকায় গ্রামের একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাজার, কবরস্থান, মসজিদসহ দুই হাজার বসতঘর হুমকির মুখে রয়েছে।
ভাঙনে ক্ষতিগ্রস্ত ওই গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, দীর্ঘ ১৪ বছর ধরে এই গ্রামে নদীভাঙন চলছে। গ্রামের অনেকেরই বসতভিটা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। গ্রামের অনেক মানুষ তাদের পৈতৃক ভিটা হারিয়ে অন্যত্র চলে গেছে। যারা গ্রামে আছে, তাদের ঝুঁকি, আতঙ্ক আর হতাশা নিত্যসঙ্গী।
স্থানীয় সিদলা ইউনিয়ন পরিষদ কার্যালয় সূত্রে জানা গেছে, সাহেবেরচর গ্রামে আগে তিন হাজার পরিবার বাস করত। এখন নদীতে বসতভিটা বিলীন হয়ে যাওয়ায় দুই হাজার পরিবার বসবাস করছে। সপ্তাহ খানেক ধরে নদে তীব্র ভাঙন শুরু হয়েছে। এলাকার একমাত্র সাহেবের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বন্যার্তদের জন্য আশ্রয়কেন্দ্রটি ঝুঁকির মধ্যে রয়েছে। নদের পানিতে আগেই চলে গেছে স্কুলের শৌচাগার। পশ্চিম দিকে দেখা দিয়েছে ফাটল। শিক্ষকেরা এ ভবনে শিক্ষার্থীদের ক্লাস নিতে সাহস পাচ্ছেন না। বুধবার থেকে পানি উন্নয়ন বোর্ড বালির বস্তা ফেলে বিদ্যালয়টি রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, ব্রহ্মপুত্র নদটি বাঁক নিয়ে গ্রামের ভেতরে ঢুকে গেছে। স্থানীয় লোকজন জানান, গ্রাম থেকে দুই কিলোমিটার দূরে থাকা নদটি ধীরে ধীরে গ্রামের ভেতরে ঢুকে পড়েছে।
জানা গেছে, নদের ভাঙন থেকে বসতঘর রক্ষা করতে তিনবার সরিয়েও এলাকার মোক্তার উদ্দিন ও আমেনা আক্তার শেষ রক্ষা পাননি। নিরুপায় হয়ে তারা এখন অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন। অনেকেই জায়গা না পেয়ে সরকারি রাস্তায়ও আশ্রয় নিয়েছেন। গ্রামের রিয়াজ উদ্দিন জানান, তাঁদের ৪০ কাঠা জমি ছিল। সবই চলে গেছে ব্রহ্মপুত্রের পেটে। এখন তিনি অন্যের জমিতে কাজ করেন। এ ছাড়া ভাঙনে ঘরবাড়ি, জমিজমা নদীতে চলে যাওয়ায় জলিল মিয়া, স্বপন মিয়া ও শাহজাহান মিয়া ময়মনসিংহের গফরগাঁওয়ে গিয়ে বাস করছেন।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কিশোরগঞ্জ কার্যালয় সূত্রে জানা যায়, ব্রহ্মপুত্রের তলদেশ ভরাট হয়ে যাওয়ায় বর্ষাকালে তীব্র স্রোতে ভাঙন মারাত্মক আকার ধারণ করে। এ কারণে দীর্ঘদিন গ্রামটি ভাঙছে।
পাউবো কিশোরগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, নদে বালুর বস্তা ফেলে বিদ্যালয়টি রক্ষার চেষ্টা করা হচ্ছে। ব্রহ্মপুত্রের ভাঙনে গ্রামটিই এখন ছোট হয়ে আসছে। গ্রামটি রক্ষায় এক কিলোমিটার দীর্ঘ প্রতিরক্ষা বাঁধের জরুরি প্রকল্প প্রস্তাব পাউবোর প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।