হোসেনপুরের দুই গ্রামে বিদ্যুৎ নেই ২৮ দিন
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার দুটি গ্রামে ২৮ দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে এলাকার লোকজন দুর্ভোগে পড়েছে। এসএসসি ও দাখিল পরীক্ষার্থীরা ভোগান্তিতে আছে। এলাকাবাসী একাধিকবার লিখিতভাবে জানানোর পরও সমস্যার সমাধান হয়নি।হোসেনপুর পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হোসেনপুর উপজেলার চরপুমদী নয়াপাড়া ও সাহেদল নয়াপাড়ায় বিদ্যুতের খুঁটি বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব-কলহ দেখা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। গত ২৩ জানুয়ারি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ গ্রাম দুটিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। উভয় পক্ষ বিদ্যুত্ব্যবস্থা চালু রাখার পক্ষে থাকলেও বারবার পবিসকে বলার পরও সংযোগ না দেওয়ায় গ্রাহকের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।গ্রামবাসীর অনেকে জানান, গ্রাম দুটিতে গ্রাহকদের কোনো বিল বকেয়া নেই। গত জানুয়ারি মাস পর্যন্ত বিল পরিশোধ করার পরও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় এলাকার বোরোচাষি ও চলতি এসএসসি পরীক্ষার্থীরা বিপাকে পড়েছে।মতিউর রহমান, আজিজুল হক, ঈমান আলীসহ গ্রাহকেরা জানান, প্রতিদিন গ্রামে ১৪-১৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ ছিল। সামান্য ঘটনাকে কেন্দ্র করে পবিস কাউকে না জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় পরিবার-পরিজন নিয়ে তাঁরা বিপাকে পড়েন।হোসেনপুর এসআরডি উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সোমা আক্তার, রাজন মিয়া; দাপুনিয়া আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী রিয়াদ মিয়া, রিপন মিয়াসহ পরীক্ষার্থীরা জানায়, পরীক্ষার আগে হঠাত্ করে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়ায় তারা বিপাকে পড়েছে। সাহেদল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ মাহবুবুল হক জানান, খুঁটির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে সংযোগ বিচ্ছিন্ন করা ঠিক হয়নি। বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়েছে। তার পরও বিদ্যুৎ চালু না হওয়ার ঘটনাটি দুঃখজনক।কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মো. আবদুল ওয়ারিদ জানান, পবিসর কর্মকর্তারা বিষয়টি জানেন। দুই পক্ষের মধ্যে বিষয়টি মীমাংসা হয়ে গেছে। মীমাংসাপত্র পাওয়ার দু-এক দিনের মধ্যেই বিদ্যুৎ সংযোগ চালু করা হবে।