হোস্টেল ছাড়লেন ময়মনসিংহ নার্সিং কলেজের ছাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যক্ষ ও হোস্টেল তত্ত্বাবধায়কের অপসারণের দাবিতে আন্দোলনরত ময়মনসিংহ নার্সিং কলেজের ছাত্রীরা আজ মঙ্গলবার সকালে হোস্টেল ছেড়েছেন। গতকাল সোমবার বিকেল চারটার মধ্যে হোস্টেল ছাড়ার নির্দেশ না মানায় ছাত্রীদের পুলিশ লাঠিপেটা করে।

গতকাল দুপুরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য ময়মনসিংহ নার্সিং কলেজ বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের বিকেল চারটার মধ্যে হোস্টেল ছাড়ার নির্দেশ দেয় কলেজ কর্তৃপক্ষ।

শিক্ষার্থীদের অভিযোগ, গতকাল বিকেল চারটার মধ্যে হোস্টেল না ছাড়ার অভিযোগে কলেজের ফ্লোরেন্স নাইটিঙ্গেল ও রহিমা খাতুন হোস্টেলের ছাত্রীদের পুলিশ লাঠিপেটা করে। এতে কমপক্ষে ৩০ ছাত্রী আহত হন।

কলেজ কর্তৃপক্ষ জানায়, পরে সময়সীমা বাড়িয়ে আজ সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হোস্টেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

ছাত্রীরা নির্দেশনা মেনে নির্ধারিত সময়েই হোস্টেল ছেড়ে চলে যান। এ সময় নাম প্রকাশ না করে কয়েকজন ছাত্রী প্রথম আলোকে বলেন, অধ্যক্ষ অন্যায়ভাবে কলেজ বন্ধ করে পুলিশ দিয়ে ছাত্রীদের মেরে হোস্টেল থেকে বের করেছেন। কিন্তু তাতে আন্দোলন থামবে না।

জানতে চাইলে অধ্যক্ষ মনোয়ারা খাতুন বলেন, আন্দোলন দমাতে আপাতত কলেজ ও হোস্টেল বন্ধ করে দেওয়া হয়েছে। পরে ভেবেচিন্তে বিষয়টির সুষ্ঠু সমাধান করা হবে।

কলেজের দুটি ছাত্রী নিবাসে আসনবণ্টনে বৈষম্য ও অব্যবস্থাপনার অভিযোগ এনে অধ্যক্ষ ও হোস্টেল তত্ত্বাবধায়কের অপসারণের দাবিতে গত রোববার থেকে কলেজের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলনের ঘোষণা দেন। গতকাল সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পালনের পর কলেজ বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।