হোস্টেল থেকে ছাত্রীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সরকারি মহিলা কলেজের হোস্টেল থেকে মোছাম্মৎ সুবি বেগম (২০) নামে এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাত পৌনে ১১টায় লাশটি উদ্ধার করা হয়।
সুবি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীধরপাশা গ্রামের মো. বশর মিয়ার মেয়ে। তিনি কলেজের অর্থনীতি বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।
কলেজশিক্ষক, সহপাঠী ও পুলিশ সূত্রে জানা গেছে, সুবি আরও কয়েকজন সহপাঠীর সঙ্গে হোস্টেলের ২১০ নম্বর কক্ষে থাকতেন। রমজানের ছুটিতে তাঁর কক্ষের অন্য ছাত্রীরা বাড়িতে চলে গেলেও তিনি বেশ কয়েক দিন ধরে একা কক্ষটিতে ছিলেন।
রোববার ইফতারের আগে হোস্টেলের কয়েকজন ছাত্রী সুবির কক্ষের সামনে গিয়ে তাঁকে ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে রাত আটটার দিকে পুনরায় তাঁরা ডাকাডাকি করেন। এবারও কোনো সাড়া না পেয়ে তাঁরা বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানান। খবর পেয়ে হোস্টেল সুপার জামালুর রহমানসহ বেশ কয়েকজন শিক্ষক হোস্টেলে ছুটে আসেন এবং তাঁরা বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ এসে কক্ষ ভেঙে ভেতর থেকে সুবির ঝুলন্ত লাশ উদ্ধার করে।
হোস্টেল সুপার জামালুর রহমান বলেন, বিকেলেও হোস্টেলের ছাত্রীদের সঙ্গে স্বাভাবিকভাবে গল্প করেন সুবি।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহম্মদ বলেন, প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে মনে হচ্ছে। এরপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে সুবির লাশ গতকাল সোমবার বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।