হোস্টেল সুপারের নির্মমতা...
চট্টগ্রামে হোস্টেল সুপারের বিরুদ্ধে বিদ্যালয়ের মমিনুল হক নামে দশম শ্রেণীর এক আবাসিক ছাত্রকে মারধর করার অভিযোগ উঠেছে। দাবিকৃত টাকা না দেওয়ায় তাকে মারধর করা হয় বলে জানা গেছে।
এ ঘটনায় ওই ছাত্রের বাবা আদালতে অভিযোগ করেছেন। আদালতের নির্দেশে হালিশহর থানা গতকাল শুক্রবার বিকেলে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে। হোস্টেল সুপারের নাম জসিম উদ্দিন। তিনি চট্টগ্রামের হালিশহরের ব্লক-১-এর ১ নম্বর সড়কে অবস্থিত চিটাগাং রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজের আবাসিক শিক্ষক। দশম শ্রেণীর ছাত্র এইচ এম মমিনুল হক বিদ্যালয়ের হোস্টেলে থাকেন। হোস্টেল সুপার জসিম উদ্দিন ২৪ সেপ্টেম্বর মমিনুলকে তার বাবার কাছ থেকে ২০ হাজার টাকা নিয়ে আসার জন্য চাপ দেন। মমিনুল এতে রাজি না হওয়ায় তাকে মারধর করেন। হোস্টেলের অন্য ছাত্ররা উদ্ধার করতে এলে তাদেরও মারধর করেন জসিম উদ্দিন।
হালিশহর থানার দায়িত্বরত কর্মকর্তা এএসআই কামাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘গত বৃহস্পতিবার মমিনুলের বাবা ওসমান গণি তাঁর সন্তানকে মারধরের বিষয়ে আদালতে একটি অভিযোগ দাখিল করেন। আদালত অভিযোগটি এফআইআর হিসেবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন। গতকাল শুক্রবার এ নির্দেশ আমরা হাতে পাই।’
জানা গেছে, আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে গতকাল দুপুরে হোস্টেলে অভিযান চালিয়ে আহত ছাত্রকে পুলিশ উদ্ধার করে। তার পিঠে এখনো আঘাতের চিহ্ন রয়েছে। ওই সময় হোস্টেল সুপার না থাকায় তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে পুলিশ জানায়।
মমিনুলের বাবার উদ্ধৃতি দিয়ে তদন্ত কর্মকর্তা এসআই মোজাম্মেল হক জানান, ওসমান গণি ২৫ সেপ্টেম্বর কলেজ অধ্যক্ষের সঙ্গে দেখা করে তাঁর সন্তানকে বাসায় নিয়ে যাওয়ার আবেদন করেন। কিন্তু কলেজ অধ্যক্ষ এতে রাজি হননি। বৃহস্পতিবার ওসমান গণি আদালতে অভিযোগ করেন। অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
ওসমান গণি পরিবার নিয়ে নগরের ডবলমুরিং থানার বিল্লাহপাড়া এলাকায় থাকেন।