সিলেটের এমসি কলেজের হোস্টেল সুপার সালেহ আহমেদের বাসায় হামলার ঘটনার সাত দিন পর থানায় মামলা করেছে কলেজ কর্তৃপক্ষ। তবে মামলার এজাহারে অভিযুক্ত ছাত্রলীগের নেতা-কর্মীসহ কারও নাম উল্লেখ করা হয়নি।কলেজ সূত্রে জানা যায়, হোস্টেলে থাকার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এমসি কলেজের ৩ নম্বর ব্লকের হোস্টেল সুপার সালেহ আহমদ ছাত্রলীগ হোস্টেল শাখার সভাপতি আবদুর রহিমকে হোস্টেলের সিট ছাড়ার নির্দেশ দেন। এতে ক্ষিপ্ত হয়ে ২ জুন রাত সাড়ে ১০টার দিকে আবদুর রহিম ছাত্রলীগের শতাধিক কর্মী নিয়ে হোস্টেল সুপারের বাসায় হামলা চালান। এ ঘটনায় কলেজের শিক্ষকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। শিক্ষক পরিষদ হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের দাবিতে ৫ জুন কালো ব্যাজ ধারণ ও কর্মবিরতি কর্মসূচি পালন করে। এ সময় শিক্ষকেরা দোষীদের গ্রেপ্তারের দাবিতে ৭২ ঘণ্টার সময় বেঁধে দেন। শিক্ষক পরিষদ গতকাল দুপুরে অধ্যক্ষ সামসুন্নাহারের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে অধ্যক্ষ মামলা দায়েরের আশ্বাস দিলে শিক্ষকেরা শান্ত হন।এ ব্যাপারে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নারায়ণ দত্ত প্রথম আলোকে বলেন, হোস্টেল সুপারের বাসায় হামলার ঘটনায় রাত আটটার দিকে কলেজের অধ্যক্ষ অজ্ঞাত ৬০-৭০ জনের নামে মামলা করেন। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।যোগাযোগ করা হলে অধ্যক্ষ সামসুন্নাহার বলেন, ‘এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।’ ছাত্রলীগের কর্মীদের আড়াল করতে মামলা দায়েরে দেরি কি না জানতে চাইলে মুঠোফোনের সংযোগ কেটে দেন তিনি।