হোস্টেলে ভাঙচুর-অগ্নিসংযোগ ছাত্রকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী কলেজের মুসলিম হোস্টেলে গতকাল হামলা চালানোর পর দেশীয় অস্ত্র হাতে বের হচ্ছেন ছাত্রলীগের দুই কর্মী (বাঁয়ে)। ছাত্রদল ও ছাত্রলীগের হাতাহাতির ঘটনার পর ছাত্রদলের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ার সময় ভয়ে দৌড়ে পালাচ্ছেন পথচারী ও শিক্ষার্থীরা ষ ছবি: প্রথম আলো
রাজশাহী কলেজের মুসলিম হোস্টেলে গতকাল হামলা চালানোর পর দেশীয় অস্ত্র হাতে বের হচ্ছেন ছাত্রলীগের দুই কর্মী (বাঁয়ে)। ছাত্রদল ও ছাত্রলীগের হাতাহাতির ঘটনার পর ছাত্রদলের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ার সময় ভয়ে দৌড়ে পালাচ্ছেন পথচারী ও শিক্ষার্থীরা ষ ছবি: প্রথম আলো

রাজশাহী কলেজে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফরম জমা দেওয়ার লাইনে দাঁড়ানো নিয়ে গতকাল রোববার দুপুরে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ হয়েছে। উভয় সংগঠনের নেতা-কর্মীরা প্রশাসন ভবনে ভাঙচুর চালান। ছাত্রলীগ হোস্টেলে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এবং এক সাধারণ ছাত্রকে কুপিয়ে জখম করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজের সম্মান শ্রেণীতে ভর্তির ফরম তোলা ও জমা দেওয়ার জন্য গতকাল ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দীর্ঘ সারিতে দাঁড়াতে হয়। সেখানে তাঁদের সহযোগিতা করার জন্য ছাত্রদল ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। দুপুর পৌনে ১২টার দিকে ছাত্রদল ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। খবর পেয়ে কলেজের উপাধ্যক্ষ হবিবুর রহমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে উভয় সংগঠনের নেতা-কর্মীদের হাতে তিনি লাঞ্ছিত হন। এরপর উভয় সংগঠনের নেতা-কর্মীরা কলেজের প্রশাসন ভবনে গিয়ে হামলা চালান। ছাত্রলীগ দ্বিতীয় তলায় এবং ছাত্রদল নিচতলায় ভাঙচুর শুরু করে। কলেজ কর্তৃপক্ষ দ্বিতীয় তলায় তালা লাগিয়ে দিলে ছাত্রলীগের নেতা-কর্মীরা আটকা পড়ে যান। ছাত্রদলের কর্মীরা বাইরে বেরিয়ে এলে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের গুলির শব্দ এবং ছাত্রদলের নেতা-কর্মীদের ছোটাছুটিতে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে মহানগর গোয়েন্দা পুলিশ এসে তালা খুলে আটক ছাত্রলীগের নেতা-কর্মীদের বের করে দেয়। বের হয়ে তাঁরা ছাত্রদলের নেতা-কর্মীদের খুঁজতে থাকেন। একপর্যায়ে তাঁরা কলেজের মুসলিম হোস্টেলে ঢুকে পড়েন। তাঁরা হোস্টেলের সি ব্লকের পেছনের কোয়ার্টারে গিয়ে হামলা চালান। এ সময় তাঁরা সাধারণ ছাত্র রাজীব উদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁর বাম হাতে জখম করেন এবং তা ভেঙে দেন। হামলায় শহীদুল ইসলাম ও জয়নুল আবেদিন নামের আরও দুজন ছাত্র আহত হন। হামলাকারীরা ভাঙচুর করে কোয়ার্টারের একটি কক্ষে আগুন লাগিয়ে দেন। আহত ওই তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাধারণ ছাত্ররা বলেন, আগুন লাগানো কক্ষটি ছাত্রদল তাঁদের কার্যালয় হিসেবে ব্যবহার করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এ কারণে ছাত্রলীগ সেখানে হামলা চালিয়েছে বলে তাঁরা ধারণা করছেন। ঘটনার পর থেকে আতঙ্কে ছাত্ররা হোস্টেল ছাড়তে শুরু করেন।
ওই কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রকি ঘোষ বলেন, লাইনে দাঁড়ানো নিয়ে ছাত্রদলের নেতা-কর্মীরা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম খানের সঙ্গে হাতাহাতি করেন। এ নিয়ে ঘটনার শুরু। হোস্টেলে আগুন দেওয়ার সঙ্গে ছাত্রলীগ জড়িত নয় বলে দাবি করে তিনি বলেন, পুলিশের গুলিতে নজরুল ইসলাম নামে তাঁদের এক কর্মী আহত হয়েছেন।
কলেজ ছাত্রদলের সভাপতি মরতুজা ফামিন হক অভিযোগ করেন, পুলিশ পাহারায় ছাত্রলীগ হোস্টেলে ঢুকে তাণ্ডব চালিয়েছে। হামলা চালানোর সময় পুলিশ হোস্টেলের বাইরে অবস্থান করলেও কোনো ব্যবস্থা নেয়নি। আহত রাজীব উদ্দিন তাঁদের কর্মী বলে তিনি দাবি করেন।
রাজশাহী মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জারি বিভাগের চিকিৎসক আজিম রেজা বলেন, রাজীবের হাতটি ভেঙে গেছে। বাহু কুপিয়ে জখম করা হয়েছে।
কলেজের উপাধ্যক্ষ হবিবুর রহমান বলেন, তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করলেও তিনি যাওয়ার কারণেই খুনাখুনি হয়নি। হোস্টেলে হামলা চালানোর সময় বাইরে থাকা পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগের ব্যাপারে নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তাঁরা হোস্টেলের ভেতরে ঢুকতে পারেন না।