হোস্টেলে সিট পাওয়ার দাবিতে অনশনে ৩০ ছাত্রী
হোস্টেলে সিট পাওয়ার দাবিতে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন কুমিল্লার হোমনা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ৩০ জন ছাত্রী। আজ বুধবার সকাল আটটার দিকে অনশন শুরু করেন তাঁরা।
অনশনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, হোস্টেলে উঠতে না পারায় তাঁদের ভাড়া বাসায় থাকতে হচ্ছে। এ কারণে নিরাপত্তাহীনতাসহ নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন তাঁরা।
জানা গেছে, ইনস্টিটিউটে ছাত্রীদের জন্য একটি হোস্টেল রয়েছে। সেখানে ৪০ জন ছাত্রীর থাকার ব্যবস্থা রয়েছে। কিন্তু সীমানাপ্রাচীর না থাকায় এখনো ছাত্রীদের হোস্টেলে তোলেনি কর্তৃপক্ষ।
ইনস্টিটিউটের অধ্যক্ষ আবু রাশেদ প্রথম আলোকে বলেন, ‘প্রশাসনের সঙ্গে আলোচনা করে নিরাপত্তার ব্যবস্থা করে ছাত্রীদের হোস্টেলে রাখার ব্যাপারে চেষ্টা চলছে।’ এদিকে, সীমানাপ্রাচীর ছাড়াই হোস্টেলে থাকতে রাজি আছেন অনশনরত ছাত্রীরা। তাঁদের মতে, ভাড়া বাসায় তাঁরা খুবই অনিরাপদ বোধ করেন।
প্রথম সেমিস্টারের ছাত্রী আনিকা, রাবেয়া, সালমা ও মনিরা জানান, তাঁরা বাইরে গিয়ে যৌন হয়রানিসহ বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছেন। যেহেতু বাইরে ভাড়া বাসায় তাঁরা নিজ দায়িত্বে থাকছেন, সেহেতু সীমানাপ্রাচীর ছাড়াই ইনস্টিটিউটের হোস্টেলে নিজ দায়িত্বে থাকতেও তাঁদের আপত্তি নেই।
পঞ্চম সেমিস্টারের আকলিমার আক্তার বলেন, ‘প্রায় ১৫ দিন আগে ভাড়া বাসার ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করে আমার গলার চেইন ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা। বিষয়টি ইনস্টিটিউট কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানালেও কোনো প্রতিকার পাইনি।’