হোস্টেলে হামলা, ভাঙচুর, চার ছাত্র আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ ছাত্র হোস্টেলে বহিরাগতদের হামলায় চার শিক্ষার্থী আহত হয়েছেন। এ নিয়ে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থী মো. নুরুল আফসার, ইনজামামুল হক, আজিজার রহমান রনি ও আলী আজগারকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা সবাই তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁদের অভিযোগ, হামলার সময় বহিরাগতরা শিক্ষার্থীদের দুটি কক্ষ তছনছ করে। তাঁদের একটি ল্যাপটপ ও নগদ টাকা হামলাকারীরা নিয়ে গেছে।
এ ঘটনায় মেডিকেল কলেজের পক্ষ থেকে গোপালগঞ্জ থানায় মামলা করা হয়েছে। পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে। তৃতীয় বর্ষের শিক্ষার্থী আনিচ সরকার জানান, তাঁরা মেডিকেল কলেজের পাশে বালুর মাঠে ক্রিকেট খেলছিলেন। হাসপাতালের এমএলএসএস ফিরোজ শেখের ছেলে দশম শ্রেণীর শিক্ষার্থী সাদ্দাম তাঁদের সঙ্গে খেলতে চায়। কিন্তু মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তাকে খেলতে নিতে না চাইলে বিরোধের সূত্রপাত হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে সাদ্দাম বহিরাগতদের নিয়ে মেডিকেল কলেজের হোস্টেলে হামলা চালায়।
হামলাকারীরা মো. নুরুল আফসার নামে তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীকে মারধর ও অপহরণ করার চেষ্টা চালায়। এ সময় অন্য শিক্ষার্থীরা এগিয়ে এলে তাঁদেরও মারধর করে। এ সময় হোস্টেলের ২০৮ ও ২০৪ নম্বর কক্ষের আসবাব ভাঙচুর করে তারা। ২০৪ নম্বর কক্ষ থেকে একটি ল্যাপটপ ও টাকা নিয়ে যায়। এরপর কয়েক দফা দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ঘটনা দেখতে এসে প্রতিবেশী এক ব্যক্তি ইটের আঘাতে আহত হন। সাদ্দামের মা রেসি বেগম অভিযোগ করেন, মেডিকেল কলেজের শিক্ষার্থীরা হাসপাতালের মধ্যে তাঁর কোয়ার্টারে ইটপাটকেল মেরে জানালার কাচ ভেঙে ফেলেন। জোর করে ঘরে ঢোকার চেষ্টা করেন।
অধ্যক্ষ মঈন উদ্দিন বলেন, এ ঘটনায় মেডিকেল কলেজের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা বলেছেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।