হোস্টেলে হামলার ঘটনায় গ্রেপ্তার, প্রতিবাদে অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ ছাত্র হোস্টেলে হামলার ঘটনায় এসএসসি পরীক্ষার্থী সাদ্দাম হোসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
স্থানীয় প্রেসক্লাবের সামনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে গতকাল বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এসএম মডেল সরকারি উচ্চবিদ্যালয় ও স্বর্ণকলি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। এ সময় সড়কের দুই পাশে অর্ধশতাধিক যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়।
ওই হোস্টেলে গত সোমবার বহিরাগত সাদ্দাম ও পাভেলের নেতৃত্বে ১৫-২০ জন অতর্কিত হামলা চালায়। এতে মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের চার ছাত্র আহত হন। এ সময় তারা দুটি ল্যাপটপ, দুটি মুঠোফোন ও প্রায় ২০ হাজার টাকা লুটে নেয়।
এ ঘটনায় মঙ্গলবার মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ইনজামামুল হক এসএম মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সাদ্দাম হোসেন, পাভেলসহ অজ্ঞাত ১৫-২০ জনের নামে থানায় মামলা করেন।
একই সঙ্গে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কাছে ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা, প্রত্যেক শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করা এবং লুটপাট করা মালামালের ক্ষতিপূরণের দাবিতে ক্লাস বর্জন, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন।