কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ড. এম ওসমান গণি ছাত্রাবাসের পাশে নরসুন্দা নদীর পাড়ে শহরের ময়লা-আবর্জনা ফেলছে পৌর কর্তৃপক্ষ। এতে ময়লার দুর্গন্ধে ছাত্রাবাসের শিক্ষার্থীরা চরম বিপাকে পড়েছে। আবার আবর্জনা নদীতে গিয়ে নদীও ভরাট হয়ে যাচ্ছে।ছাত্রাবাসের শিক্ষার্থীরা জানায়, দীর্ঘদিন ধরে হোস্টেলের ডাইনিং রুমের পাশে নরসুন্দা নদীর পাড়ে শহরের ময়লা-আবর্জনা ফেলছে পৌর কর্তৃপক্ষ। আবর্জনার দুর্গন্ধে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। দরজা-জানালা বন্ধ করেও দুর্গন্ধ থেকে রক্ষা পাওয়া যাচ্ছে না। কে এম নাসির, মাসুদ রানাসহ হোস্টেলের কয়েকজন শিক্ষার্থী জানায়, আবর্জনার কারণে মাছির দখলে চলে গেছে হোস্টেলের প্রতিটি কক্ষ। শিক্ষার্থীদের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষের কাছে অভিযোগ করার পরও তারা কোনো ব্যবস্থা নেয়নি। বরং আবর্জনার স্তূপে আগুন লাগিয়ে পরিবেশ আরও খারাপ করে তুলছে। আবর্জনায় আগুন দেওয়া হলে দু-তিন দিন পর্যন্ত ধোঁয়ায় ছাত্রাবাস এলাকা আচ্ছন্ন হয়ে থাকে। এতে মারাত্মক বায়ুদূষণ হচ্ছে।ড. এম ওসমান গণি ছাত্রাবাসের হল সুপার মো. মজিবুর রহমান জানান, ছাত্রদের অভিযোগের বিষয়টি বারবার পৌর কর্তৃপক্ষকে জানালেও কোনো প্রতিকার হয়নি।পরিবেশ রক্ষা মঞ্চের (পরম) আহ্বায়ক শরীফ সাদী জানান, পৌর কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানহীনতার কারণে ছাত্রাবাসের শিক্ষার্থীরা দুর্ভোগ পোহাবে—এটা মেনে নেওয়া যায় না। তিনি বলেন, আবর্জনা ফেলার কারণে নরসুন্দা নদীও ভরাট হয়ে যাচ্ছে। শরীফ সাদী বলেন, প্রয়োজনে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সংগঠনের পক্ষ থেকে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। পৌর মেয়র আবু তাহের মিয়া বলেন, সার্বিক দিক বিবেচনা করে বিকল্প জায়গা খোঁজা হচ্ছে।