রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের শিক্ষার্থী ও মালদ্বীপের মডেল রাউধা আথিফের মৃত্যুরহস্য তদন্তে গতকাল শনিবার তাঁর হোস্টেলের শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ ২০ জনের সঙ্গে কথা বলেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা। এর মধ্যে তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এদিকে রাউধার মৃত্যুরহস্য নিয়ে জল্পনাকল্পনা না করার অনুরোধ জানিয়েছেন তাঁর মা আমিনাথ মুহাররিমাথ। গত বৃহস্পতিবার মালদ্বীপের অনলাইন সংবামাধ্যম ‘আভাস’-এ তাঁর এ আহ্বান-সংবলিত একটি খবর প্রকাশিত হয়েছে। তাতে তিনি বলেছেন, ‘রাউধাকে শান্তিতে থাকতে দিন।’
রাজশাহী সিআইডি সূত্রে জানা গেছে, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেলের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসকসহ ২০ জন গতকাল বেলা ১১টায় সিআইডির কার্যালয়ে যান। বেলা সাড়ে ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত তাঁদের সঙ্গে কথা বলেন রাউধার মৃত্যুর ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক আসমাউল হক। এ সময় রাজশাহী সিআইডির বিশেষ পুলিশ সুপার নাজমুল করিম খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে আসমাউল হক প্রথম আলোকে বলেন, এই ২০ জনের মধ্যে ৩ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যদিও সময়স্বল্পতায় খুব নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। তারপরও যেসব তথ্য পাওয়া গেছে, সেগুলো মিলিয়ে দেখা হবে। প্রয়োজনে তাঁদের আবার জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
এদিকে রাউধার মায়ের উদ্ধৃতি দিয়ে ওই অনলাইন গণমাধ্যমে যা বলা হয়েছে সে ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা আসমাউল হক বলেন, ‘আমরা এ নিয়ে মাথা ঘামাচ্ছি না। একটি হত্যা মামলার তদন্তভার আমাদের দেওয়া হয়েছে, আমরা তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটনে কাজ করব।’
খবরে উল্লেখ করা হয়, মুহাররিমাথ গণমাধ্যমকে বলেছেন, যদিও তাঁর মেয়ের মৃত্যুর ঘটনা জনগণ ও গণমাধ্যমের কাছে একটি বিতর্কিত বিষয় হয়ে আছে, তারপরও এসব খবর তাঁদের পরিবারের জন্য হৃদয়বিদারক। তাই এ বিষয়ে আরও জল্পনাকল্পনা তাঁর নিজের ও পরিবারের অন্য সদস্যদের জন্য কষ্টের কারণ। কেননা, গণমাধ্যমের বিভিন্ন পোস্ট ও নিবন্ধ তাঁদের শুধুই স্মৃতিকাতর করে তুলছে।
মুহাররিমাথ আরও বলেন, ‘রাউধাকে হারানোর মতো কঠিনতম ঘটনাও আমাদের সইতে হচ্ছে। তাকে ২০ বছর ধরে বড় করে তোলাটা তাঁর জীবনের সবচেয়ে সুখের স্মৃতি হয়ে থাকবে। সে ছিল সদাশয় ও সবার প্রতি যত্নশীল একটা মেয়ে। সে তার আকাঙ্ক্ষা দিয়ে তাঁদের ভবিষ্যৎকে রাঙিয়ে গেছে। কিন্তু সে-ই এখন নেই। নতুন করে কোনো জল্পনাকল্পনা বা তদন্ত তাকে তাঁর কাছে ফিরিয়ে আনবে না। সে যেহেতু নেই; তাই তাকে শান্তিতে থাকতে দিন। আরও তদন্ত বা জল্পনাকল্পনার কোনো কারণ নেই। একদিন ঠিকই আসবে যখন সে ন্যায়বিচার পাবে।’