হ্যাকিংয়ের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সাড়ে ৭ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বেদখল (হ্যাকড) করেছে সাইবার-৭১ নামে বাংলাদেশের একটি হ্যাকার দল। আজ বৃহস্পতিবার রাত আটটার কিছু পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি হ্যাকড হয়। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওয়েবসাইটটি ঠিক করার কাজ চলছে বলে জানিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.du.ac.bd) দখল করার পর ওয়েবসাইটটির প্রথম পাতায় কালো পটভূমিতে টিউশন ফির ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়ে কয়েকটি বাক্য লিখে রেখেছে হ্যাকাররা। আর পটভূমিতে বাংলাদেশের জাতীয় সংগীতের সুর বাজানো হচ্ছে। বেদখল হওয়া সাইটটির প্রথম পাতায় হ্যাকাররা লিখে রেখেছিল ‘৫২, ৬৯ এর আন্দোলনের সফলতা এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু সূর্য সন্তানদের হাত ধরেই। আজ যখন ভ্যাট নেওয়ার নামে শিক্ষা খাতকে বাণিজ্য হিসেবে করে ফেলা হচ্ছে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় চুপ কেন? শিক্ষার্থীদের বুকে গুলি চালানোর অধিকার অমানুষগুলোকে কে দিয়েছে? এই লজ্জা শুধু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের না। পুরো বাংলাদেশের। শিক্ষা খাতকে পবিত্র রাখতে গর্জে উঠো বাংলাদেশ।’ #NoVatOnEducation হ্যাশট্যাগের কথাও উল্লেখ আছে সাইটে।
তবে রাত সাড়ে নয়টার দিকে সাইটটিতে আর হ্যাকারদের বক্তব্যসংবলিত প্রথম পাতা দেখা যায়নি। সেখানে লেখা আছে ‘ওয়েবসাইট আন্ডার মেইনটেন্যান্স মোড।’
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘আমরা দেখেছি। ওয়েবসাইটটি ঠিক করার কাজ চলছে।’