মিরসরাইয়ের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় অবস্থিত নাহার এগ্রো হ্যাচারির কর্মচারীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ ৩০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টা থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এলাকাবাসী জানান, সংঘর্ষে রোজিনা আক্তার, শামসুল আলম, আবু তাহের, শাহাদাৎ হোসেন, মোহামঞ্চদ হাশেম, জামাল উদ্দিন, মো. আরিফ, সালাহ উদ্দিন, শাহ আলম, আশরাফ উদ্দিন, আনোয়ার হোসেন ও নাজমা বেগম আহত হন। জানা গেছে, গতকাল শুক্রবার সকালে জোরারগঞ্জ ফরেস্ট অফিসের সড়ক ব্যারিকেড দেয় এলাকাবাসী। এ সময় এলাকাবাসী নাহার এগ্রোর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে। এরপর নাহার এগ্রোর কর্মচারীরা ব্যারিকেড তুলতে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। নাহার পোলট্রি কর্তৃপক্ষ জানায়, ব্যারিকেড তুলতে গিয়ে তাদের কর্মচারী সাইফুল ইসলাম, নুরুল মোস্তফা, নাছির উদ্দিন, নেছার আহমঞ্চদ, আনিসুর রহমান, আবু নোমান, সজীব, জোবাইদ ও খলিল আহত হন। জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য মজিবুল হক জানান, নাহার এগ্রো কমপ্লেক্স দীর্ঘদিন ধরে ওই এলাকায় তাদের বর্জ্য ফেলছে। এ ছাড়া উচ্চশব্দের জেনারেটর ব্যবহার করছে। ফলে শব্দদূষণ হচ্ছে। এর প্রতিবাদে শুক্রবার সকালে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করলে নাহার এগ্রোর কয়েক শ কর্মচারী এলাকাবাসীর ওপর হামলা চালান। নাহার এগ্রো হ্যাচারির ম্যানেজার ফাহিম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘কোনো কারণ ছাড়াই রাস্তায় ব্যারিকেড দেয় তারা। গতকাল সকালে হ্যাচারি থেকে ওষুধ নিয়ে আমাদের একটি গাড়ি করেরহাট যাওয়ার সময় এলাকার কিছু লোক গাড়ি আটকে দেয়। খবর পেয়ে আমি আমাদের কয়েকজন কর্মচারীসহ ব্যারিকেড তুলতে গেলে কর্মচারীদের ওপর হামলা করা হয়।’ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসী ও নাহার এগ্রো কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি। আগামী তিন দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়ার পর এলাকাবাসী সড়ক থেকে ব্যারিকেড তুলে নেয়।’