হ্যাপি হোমের সুখী মুখগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভিন্নভাবে বঞ্চনার শিকার এসব মেয়ের ঠাঁই হয়েছে মোহাম্মদপুরের ‘হ্যাপি হোমে’ l ছবি: প্রথম আলো
বিভিন্নভাবে বঞ্চনার শিকার এসব মেয়ের ঠাঁই হয়েছে মোহাম্মদপুরের ‘হ্যাপি হোমে’ l ছবি: প্রথম আলো

ঝরনা শুধু জানে তার বাড়ি ময়মনসিংহে। ছোটবেলায় বাবা-মা ঢাকায় এক বাড়িতে কাজ করতে পাঠান। সেখানে অত্যাচারে অতিষ্ঠ হয়ে একসময় পাশের বাসার কাজের মেয়ের সহায়তায় ঝরনা পালায়। কিন্তু যাবে কোথায়? দুই দিন রাস্তায় থাকার পর একজনের সহায়তায় প্রথমে মিরপুরে এক আশ্রয়কেন্দ্রে, তারপর সেখান থেকে মোহাম্মদপুরের ‘হ্যাপি হোমে’ তার ঠাঁই হয়।
ছয় বছর ধরে ঝরনা এখানে আছে। সে এখন চতুর্থ শ্রেণিতে পড়ে। স্কুল থেকে বেলা দুইটায় হোমে ফিরে পাশেই এক বিউটি পারলারে কাজ করতে যায়। এখন মাসে ১ হাজার ২০০ টাকা হাতখরচ পাচ্ছে। গত রোববার হোমে গিয়ে কথা হয় ঝরনার সঙ্গে। হাতখরচের টাকা দিয়ে কী করো জানতে চাইলে ঝরনার মুখ খুশিতে ঝলমল করতে থাকে। সে জানায়, স্কুলের বান্ধবীদের নিয়ে আচারসহ মজার কিছু খায়। মন চাইলে জামাকাপড়ও কেনে। কথা শেষ করেই ছুটল বিউটি পারলারে।
এইচএসসি পড়ুয়া রাবেয়া বানুও বেশ গর্বের সঙ্গে জানাল, পড়াশোনার পাশাপাশি প্রাইভেট টিউশনি করছে। রাবেয়ার মতো বড় আপুরা
ছোটদের দেখে রাখে। রুটিন করে ঘরদোর পরিষ্কার করে। অবসরে টেলিভিশন দেখা, ছবি আঁকা, খেলা সবই চলতে থাকে।
সাত বছর পরে ফারজানার ভাই ফারজানাকে খুঁজে পেয়েছে। হোমে দেখা করতে এসেছে বোনের সঙ্গে। তাই ফারজানার খুশির অন্ত নেই।
শুধু মোহাম্মদপুরের এই হোম নয়, বেসরকারি সংস্থা অ্যাকশনএইড পরিচালিত রাজধানীতে মোট পাঁচটি হ্যাপি হোমে বিভিন্নভাবে বঞ্চনার শিকার দেড় শ মেয়েশিশু বড় হচ্ছে। মোহাম্মদপুর, কারওয়ান বাজার, সূত্রাপুর, মুগদাপাড়া এবং লালবাগের স্থানীয় লোকজনকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে। মেয়েদের হোমে পাঠানোর ক্ষেত্রেও এলাকার লোকজন সহায়তা করে। ৭ থেকে ১৮ বছর বয়স পর্যন্ত মেয়েরা হোমে থাকতে পারে। পড়াশোনা করার পাশাপাশি বিউটি পারলার, টেইলারিংসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ পেতে থাকে। ১৮ বছর পার হলে কাজের পাশাপাশি তারা কয়েকজন মিলে বাইরে বাসা ভাড়া নিয়ে থাকে। পরিবার নিতে আগ্রহী হলে পরিবারের কাছে পাঠানো হয় অনেককে।
মোহাম্মদপুরের হ্যাপি হোমের তত্ত্বাবধায়ক জিনাত রেহানা জানালেন, অ্যাকশনএইডের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, এলাকার কাউন্সিলর ও এলাকাবাসী এই শিশুদের জন্য বিভিন্ন সহায়তা দিচ্ছেন। কেউ স্কুল ব্যাগ দিয়ে যান তো আরেকজন ভালো খাবার বা জামাকাপড় পাঠিয়ে দেন। স্কুল-কলেজ কর্তৃপক্ষও এই মেয়েদের বিনা মূল্যে বা সামান্য মূল্যে পড়ার সুযোগ করে দিচ্ছে।
অ্যাকশনএইডের দেশীয় পরিচালক ফারাহ কবির প্রথম আলোকে বলেন, সমাজের সুবিধাবঞ্চিত যে মেয়েরা হোমে থাকছে, তাদের জীবনটাই পাল্টে যাচ্ছে। হ্যাপি হোম প্রকল্প নয়। প্রকল্প শেষে কাজ থেমে যাওয়ার ব্যাপার নয়। এটি জীবনের ব্যাপার। তাই মন চাইলেই কাজ থামিয়ে দেওয়া সম্ভব নয়। ফারাহ কবির এই মেয়েদের মুখে হাসি ফোটানো এবং শেষ পর্যন্ত হাসি ধরে রাখতে সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন।