হ্যাপির নারাজি খারিজ, রুবেলকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপির করা মামলা থেকে জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনকে অব্যাহতি দিয়েছেন আদালত। ওই মামলায় পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের ওপর হ্যাপির নারাজি আবেদন খারিজ করে গতকাল বুধবার আদালত এ আদেশ দেন।
ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এ গতকাল হ্যাপির নারাজি আবেদন ও চূড়ান্ত প্রতিবেদনের গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। শুনানি শেষে ট্রাইব্যুনাল-৫-এর বিচারক তানজিনা ইসলাম নারাজি আবেদন খারিজ করেন। একই সঙ্গে চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে রুবেলকে অব্যাহতির আদেশ দেন।
হ্যাপির আইনজীবী তুহিন হাওলাদার ও আবদুল্লাহ আল মনসুর শুনানিতে বলেন, মামলাটি সুষ্ঠুভাবে তদন্ত করা হয়নি। সাক্ষীদের কোনো প্রশ্ন করা হয়নি। মামলার তদন্তকারী কর্মকর্তা ভিন্নভাবে প্রভাবিত হয়ে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আসগর শুনানিতে বলেন, মামলার অভিযোগকারী নাজনীন আক্তার হ্যাপি প্রাপ্তবয়স্ক, মিডিয়াতে কাজ করা সচেতন আধুনিক মানুষ। এরপরও তিনি যদি রুবেলের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক স্থাপন করে থাকেন, তাহলে সেটা তাঁর সম্মতিসহ হয়ে থাকতে পারে। তদন্তে রুবেল হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। তাই এ মামলার দায় থেকে রুবেলকে অব্যাহতি দেওয়ার আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা।
রুবেলের পক্ষে শুনানি করেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার ও মো. আসাদ। আদেশের পর হ্যাপির আইনজীবীরা জানান, তাঁরা এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করবেন।
২০১৪ সালের ১৩ ডিসেম্বর হ্যাপি মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ক্রিকেটার রুবেলের বিরুদ্ধে এ মামলা করেন। তদন্ত শেষে চলতি বছরের ২৯ মার্চ ঢাকা মহানগর পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের পরিদর্শক হালিমা খাতুন আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেন।