হ্রদে ধসে পড়া বাড়ি থেকে আরও দুটি লাশ উদ্ধার
কাপ্তাই হ্রদে ধসে পড়া বাড়ি থেকে আরও দুটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচজনে। এদিকে এ ঘটনায় কোতোয়ালি থানায় হত্যা মামলা করা হয়েছে। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে কমিটি।
গত মঙ্গলবার সন্ধ্যায় রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার একটি দোতলা বাড়ি কাপ্তাই হ্রদে ধসে পড়ে।
ফায়ার সার্ভিসের রাঙামাটির সহকারী পরিচালক মো. গোলাম মোস্তফা বলেন, মঙ্গলবার গভীর রাতে ও গতকাল বুধবার সকালে দুই ভাই সাজেদুল (৭) ও সামাদের (৫) লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আর কেউ নিখোঁজ নেই, এটা নিশ্চিত হওয়ার পর উদ্ধারকাজ শেষ করা হয়েছে। তিনি বলেন, দোতলা বাড়িটিতে চারটি পরিবার ভাড়ায় থাকত।
এ দুর্ঘটনায় নিহত অন্য তিনজন হলেন মো. জাকির হোসেন (৪২), তাঁর মেয়ে পিংকি (১৩) ও পিংকির গৃহশিক্ষক উম্মে হাবিবা (২১)।
এদিকে বাড়ি ধসে পড়ার ঘটনা তদন্তে জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান তিন সদস্যের একটি কমিটি গঠন করেছেন। কমিটির প্রধান রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোয়াজ্জেম হোসেন বলেন, আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্তকাজ শেষ করার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তিনি বলেন, কমিটির অন্য সদস্যরা হলেন গণপূর্ত বিভাগের রাঙামাটির নির্বাহী প্রকৌশলী ও রাঙামাটি পৌরসভার নির্বাহী প্রকৌশলী।
মো. মোয়াজ্জেম হোসেন বলেন, ‘তদন্তে আমরা সামগ্রিক বিষয়গুলো দেখব। বিল্ডিং কোড মানা হয়েছে কি না, নকশা ও বাড়ি নির্মাণের অনুমোদন নেওয়া হয়েছে কি না, বাড়ি নির্মাণে মানসম্পন্ন সামগ্রী ব্যবহার করা হয়েছে কি না, এসব খতিয়ে দেখা হবে।’
এরই মধ্যে গতকাল নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে রাঙামাটি কোতোয়ালি থানায় হত্যা মামলা করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) লিমন বোস বলেন, মামলার আসামি করা হয়েছে জায়গার মালিক রেজাউল করিম, বাড়ি নির্মাণকারী আবু তৈয়ুব (রেজাউলের ভায়রা) ও আবু তৈয়ুবের শ্যালক নাজিম উদ্দিন টিটুকে। আসামিদের মধ্যে রেজাউল করিম বিদেশে থাকেন। মামলার অপর দুই আসামি পলাতক।
জেলা প্রশাসকের ত্রাণ বিতরণ: রাঙামাটির জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান গতকাল ধসে পড়া বাড়ির বাসিন্দা চার পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন। নিহত পাঁচজনের পরিবারকে ২০ হাজার টাকা করে ১ লাখ টাকা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত দুটি পরিবারকে ৭ হাজার ৫০০ টাকা করে ১৫ হাজার টাকা দেওয়া হয়। এ ছাড়া চারটি পরিবারকে ৩০ কেজি করে চাল দেওয়া হয়েছে।