হ্রদে পচছে ১০ লাখ বাঁশ!
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার তিন হাজার বাঁশ ব্যবসায়ী পুঁজি হারানোর আতঙ্কে ভুগছেন। গত অক্টোবর থেকে টানা পাঁচ মাস বাঁশ পরিবহন বন্ধ থাকায় এসব ব্যবসায়ীর প্রায় ১০ লাখ বাঁশ কাপ্তাই হ্রদে পচে নষ্ট হচ্ছে। এতে বাঁশ ব্যবসায় বিনিয়োগ করা পুঁজি পানির তলে হারিয়ে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। বেকার জীবন যাপন করছেন প্রায় ১০ হাজার শ্রমিক।শ্রমিকেরা জানান, কাপ্তাই হ্রদের বিভিন্ন স্থানে প্রায় ১০ লাখ বাঁশ আটকা পড়েছে। কাঁচামাল সংকটের অজুহাতে কর্ণফুলী পেপার মিল (কেপিএম) কর্তৃপক্ষ গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত দুই দফায় পার্বত্য চট্টগ্রাম থেকে অন্যত্র বাঁশ পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ফলে গত বছরের আগস্টে কাটা বাঁশগুলো পরিবহন করতে পারছেন না ব্যবসায়ীরা।ব্যবসায়ীরা জানান, কাগজ উৎপাদনের কাঁচামাল হিসেবে বাঁশ ও নরম কাঠ সংগ্রহের জন্য তিন পার্বত্য জেলায় কেপিএমের সহস্রাধিক কুপ (বাগান) রয়েছে, যেখান থেকে বাঁশ ও নরম কাঠ সংগ্রহের জন্য প্রতিবছর ঠিকাদার নিয়োগ করে কেপিএম কর্তৃপক্ষ। ঠিকাদারেরা এসব কুপ থেকে বাঁশ ও নরম কাঠ সংগ্রহ করে কেপিএমে সরবরাহ করেন। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে পাচারও হয়। ফলে কেপিএমে কাঁচামালের সংকট প্রায় লেগেই থাকে।কাপ্তাই বাঁশ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. ফিরোজ অভিযোগ করেন, তিন পার্বত্য জেলার পাল্পউড (নরম কাঠ) বাগান বিভাগ কেপিএমের কুপগুলো সংরক্ষণ করে। কেপিএম কর্তৃপক্ষের কারসাজি ও পাল্পউড বাগান বিভাগের কর্মকর্তাদের সহযোগিতায় ঠিকাদারেরা দেশের বিভিন্ন স্থানে কুপের বাঁশ ও কাঠ পাচার করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন।মো. ফিরোজ আরও জানান, পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের মাচালং, লক্ষ্মীছড়ি, সিজক, পাবলাখালী রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলে কেপিএমের কোনো কুপ নেই। এসব স্থান থেকে সরকারি রাজস্ব পরিশোধের মাধ্যমে বাঁশ আহরণ করে ব্যবসায়ীরা কয়েক যুগ ধরে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছেন। কিন্তু কাঁচামালসংকটের অজুহাতে কেপিএম কর্তৃপক্ষ বাঁশ পরিবহনে নিষেধাজ্ঞা জারি করায় ব্যবসায়ীদের পথে বসার উপক্রম হয়েছে। বেকার হয়ে পড়েছেন প্রায় ১০ হাজার শ্রমিক।রাঙ্গুনিয়ার মরিয়মনগর ইউনিয়নের বাঁশ ব্যবসায়ী আবদুস ছাত্তার (৫৬) বলেন, কেপিএম কর্তৃপক্ষ তাঁদের নির্ধারিত কুপ থেকে বাঁশ ও নরম কাঠ সংগ্রহ করে কাঁচামালসংকট নিরসনের ব্যবস্থা না নিয়ে বাঁশ পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এভাবে ব্যবসায়ীদের বাঁশ কেপিএমে বিক্রির জন্য বাধ্য করা হচ্ছে। এতে ব্যবসায়ীরা লোকসানের সম্মুখীন হচ্ছেন।কেপিএমের কাপ্তাই বাঁশ আহরণ কেন্দ্রের ব্যবস্থাপক মানিক লাল বড়ুয়া বলেন, কেপিএমের কুপগুলোতে বাঁশ ও নরম কাঠসংকট দেখা দিয়েছে। ফলে গত জুলাইয়ে কর্ণফুলী কাগজ কলের উৎপাদনক্ষমতা অর্ধেকে নেমে যায়। কাঁচামালসংকট নিরসনে বাঁশ পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করায় ব্যবসায়ীরা কেপিএমের কাছে ৫০ লাখ বাঁশ বিক্রি করেছে। এতে ব্যবসায়ীরা সাময়িক ক্ষতির সম্মুখীন হলেও উৎপাদন বেড়েছে। উৎপাদনের স্বার্থে যা করা প্রয়োজন, কেপিএম কর্তৃপক্ষ তাই করবে বলে তিনি মন্তব্য করেন।